২৯ এপ্রিল তারিখটি মনে রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্টডাউন অবশেষে শুরুই হয়ে গেল! আর মাত্র ছয় সপ্তাহ। তার পরই বসবে মহাযজ্ঞ। আগামী ২৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০-এর পুরস্কার পাবেন গুণী শিল্পীরা। আয়োজকদের বরাবরই ইচ্ছা থাকে, দর্শকদের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার। এবারও সেই চেষ্টার কমতি হবে না। কে বা কারা হবেন এবারের উপস্থাপক, তা নিয়েও চলছে শেষ মুহূর্তের বৈঠক। প্রথম আলোর কার্যালয়ে প্রতিদিনই ব্যস্ত আনন্দ বাহিনী। পুরস্কার বিতরণের ফাঁকে ফাঁকে দর্শকদের নতুন কী চমক দেওয়া যায়, এ নিয়ে চলছে পরিকল্পনা। ইতিমধ্যেই সমালোচক পুরস্কারের (নাটক) জন্য জমা পড়া নাটক ও চলচ্চিত্র নিয়ে চলছে যাচাই-বাছাই। শিগগিরই মনোনীত জুরিবোর্ড তাদের মতামত জানাবে।অপেক্ষা শুধু প্রিয় পাঠকদের ভোটের। গতবারের মতো এবারও চ্যানেল আইয়ের পর্দায় আসছে পর্দার পেছনের গল্প। মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের পেছনের গল্প নিয়ে চার পর্বের এই অনুষ্ঠান দর্শক সাদরে গ্রহণ করে নিয়েছিলেন। পর্দার পেছনের গল্প এবারও দর্শকদের প্রত্যাশা মেটাবে।