২৯ জানুয়ারি ‘গোলাপী এখন বিলেতে’
আমজাদ হোসেনের গোলাপী এখন বিলেতে ছবিটি মুক্তি পাবে ২৯ জানুয়ারি। ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, শাবনূর, ফেরদৌস, আহমেদ শরিফ, প্রবীর মিত্র এবং মুম্বাইয়ের মিঠুন চক্রবর্তী। বছর চারেক আগে ছবিটির শুটিং শুরু করেছিলেন আমজাদ হোসেন। বাংলাদেশ, ভারত ও লন্ডনের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়। সিনেমাস্কোপ এই ছবিটি তৈরি করা হয়েছে ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমে। এর আগে আমজাদ হোসেন তৈরি করেছিলেন গোলাপী এখন ট্রেনে এবং পরে গোলাপী এখন ঢাকায়। ছবি দুটির সঙ্গে নতুনটির কতটা মিল রয়েছে, এ প্রসঙ্গে আমজাদ হোসেন বললেন, ‘ওই দুটি ছবির সঙ্গে গোলাপী এখন বিলেতের কোন মিল খুঁজে পাওয়া যাবে না। আগের গোলাপীর ঘটনাকে মিলিয়ে এ ছবি তৈরি করা হয়নি। যেসব বাংলাদেশি কর্মসংস্থানের জন্য লন্ডনে যান, সেখানে যাওয়ার পর তাঁদের কী অবস্থা হয়, সেখানকার প্রেক্ষাপট এবং বাংলাদেশের মেয়েদের আর্থসামাজিক অবস্থাকে গুরুত্ব দিয়েই এবারের ছবিটি তৈরি হয়েছে।’আমজাদ হোসেন আরও বললেন, ‘যদি দর্শকেরা চায়, তবে গোলাপীকে নিয়ে চতুর্থ ছবি নির্মাণ করব।’ছবিতে গোলাপী চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তিনি বলেন, ‘আমার অভিনয়জীবনের একটি অসাধারণ চরিত্র গোলাপী। মিঠুন চক্রবর্তীর সঙ্গে এখানে অভিনয় করেছি, সেটিও ছিল একটা বড় ব্যাপার। আমার মনে হয়, দর্শক অনেক দিন পর তাদের প্রিয় সেই গোলাপীকে আবার খুঁজে পাবে।’