২৯ জুন বিটিভির দুই চ্যানেলে ‘ইত্যাদি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ জুন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একসঙ্গে প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। উপস্থাপক হানিফ সংকেতের রচনা-পরিচালনা ও উপস্থাপনায় এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে ময়মনসিংহের প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন শশীলজে।এ প্রসঙ্গে নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, প্রতিবারের মতো এবারের ‘ইত্যাদি’তেও রয়েছে তথ্য, শিক্ষা ও বিনোদন বেশ কয়েকটি পরিবেশনা। রয়েছে সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। এসব প্রতিবেদন তৈরি করতে ‘ইত্যাদি’র দল কাজ করেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। রয়েছে পরিবেশ-দূষণ ও ট্রেনযাত্রীদের নিরাপত্তা বিঘ্নকারী একটি ঘটনা নিয়ে সচেতনতামূলক প্রতিবেদন।এবারের ‘ইত্যাদি’তে মূল গান রয়েছে একটি। দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। ময়মনসিংহের লোকধারায় নবজাতক শিশুকে নিয়ে দাদা-দাদি, নানা-নানি যে আনন্দ-গীত গেয়ে উত্সব করতেন, সে বিষয়টি নিয়েই গান গেয়েছেন তাঁরা। গানটির সঙ্গে কোরিওগ্রাফি করেছেন স্থানীয় শিল্পীরা। ‘আনন্দ হইলো গো বালির, বিনন্দিত মন/বালির ঘরে উদয় হইছে, পূর্ণি মায়া চান’—শিরোনামের ময়মনসিংহের আঞ্চলিক গানটিতে কণ্ঠ দিতে পেরে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী দুজনই বেশ আনন্দিত।প্রথম আলো ডটকমকে ফাহমিদা নবী বলেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা একেবারেই অন্য রকম। ময়মনসিংহ অঞ্চলে গানটি সবাই যেভাবে শুনে অভ্যস্ত, আমরা গানের মধ্যে সেই আবহটাই ধরে রাখার চেষ্টা করেছি। কোনো বাড়তি কাজ করার চেষ্টা করিনি।’রয়েছে স্বঘোষিত শিল্পী লাইভ অনুষ্ঠানে আত্মপ্রশংসা, আত্মপ্রচার নিয়ে একটি বিদ্রূপাত্মক গান। গেয়েছেন ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী অর্জুন ও চান্নু। স্থানীয় তিন শতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনায় মহুয়ার গান, গারো সম্প্রদায়ের গান এবং ময়মনসিংহের একটি মৌলিক গানের অংশ নিয়ে একটি নৃত্যও রয়েছে এবারের ইত্যাদিতে।‘ইত্যাদি’র এবারের উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে রয়েছেন নাজমুল হুদা বাচ্চু, মাসুম আজিজ, ফখরুল হাসান বৈরাগী, মহিউদ্দিন বাহার, সোলায়মান খোকা, আবদুল কাদের, আফজাল শরীফ, আবদুল আজিজ, শুভাশিস ভৌমিক, কামাল বায়েজিদ, কাজী আসাদ, ফারুখ আহমেদ, আমিন আজাদ, অশোক বড়ুয়া, জিল্লুর রহমান, রতন খান, আনোয়ার শাহী, নজরুল, বিলু বড়ুয়া, নিসা, ফরিদসহ আরও অনেকে।