
মাত্র ২৯ সেকেন্ডের একটি ভিডিও! ভিডিও না বলে অবশ্য ‘অডিও’ বললেই মানায়। একটি গানের ক্ষুদ্র অংশ, সঙ্গে কালো পর্দার ওপর সাদা বর্ণে লেখা স্রেফ ৩৩টা শব্দ...ব্যাস! এতেই তোলপাড় গানের দুনিয়া। ১৮ অক্টোবর যুক্তরাজ্যের টিভি শো ‘দ্য এক্স ফ্যাক্টর’-এর মধ্যে বিজ্ঞাপন বিরতিতে চমকে উঠেছিলেন দর্শক। ২৯ সেকেন্ডের বিজ্ঞাপনটিতে কোনো মানুষের মুখ নেই, ছবি নেই, নাম নেই। তবু গানপ্রেমীদের চিনে নিতে অসুবিধা হয়নি, পেছনের কণ্ঠস্বরটা যে অ্যাডেলের!
২০১১ সালে বেরিয়েছিল তাঁর শেষ অ্যালবাম টুয়েন্টিওয়ান। দুটো গ্র্যামিসহ তখন ১০টি পুরস্কার জিতে নিয়েছিল অ্যাডেলের অ্যালবাম। ২০১২ সালে ‘স্কাইফল’, এরপর তাঁর কণ্ঠে নতুন কোনো গান শোনা যায়নি। সেই অ্যাডেলেই কি এবার নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন? এই চমক তেমন আভাসই দিচ্ছে। ২০১৫ সালের ২০ নভেম্বর ভক্তরা নতুন অ্যালবাম হাতে পাবেন, এমন গুজব রটেছিল বেশ কিছুদিন আগে। যদিও অ্যালবামের প্রকাশক সনি মিউজিক এন্টারটেইনমেন্ট এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। টিভিতে বিজ্ঞাপন প্রচারের পর এই প্রতিবেদন লেখার সময় পর্যন্তও বিস্তারিত কিছু জানা যায়নি। ২৯ সেকেন্ডের এক ভিডিওতে শ্রোতাদের হৃৎকম্পন বাড়িয়ে দিয়ে অ্যাডেলে যেন মুখে কুলুপ এঁটে বসে আছেন!
‘হ্যালো, ইটস মি। আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ আফটার অল দিস ইয়ারস ইউ উড লাইক টু মিট...’ বিজ্ঞাপন বিরতিতে গানটা শুনেই চমকে গিয়েছেন ‘স্কাইফল’ গায়িকার ভক্তরা। অল্প সময়ের মধ্যেই ‘অ্যাডেলে ইজ ব্যাক’ (অ্যাডেলে ফিরেছেন) হ্যাশট্যাগে ছেয়ে গেছে টুইটার। ২৯ সেকেন্ডের ক্লিপটিতে যুক্তরাজ্যের ২৭ বছর বয়সী গায়িকা আরও গেয়েছেন, ‘টু গো ওভার এভরিথিং দে সে দ্যাট টাইম সাপোসড টু হিল ইয়া, বাট আই এইন্ট ডান মাচ হিলিং...।’ গানের কথায় তিনি বলছেন, ‘লোকে বলে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত শুকিয়ে যাবে, কিন্তু আমার ক্ষত সারেনি...।’ এক লাইনের ‘চমক’ থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, পুরোনো প্রেমিককে উৎসর্গ করেই এই গান।
মনে করিয়ে দিই, গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানো এই গায়িকা তাঁর আগের অ্যালবামের তিনটি গান দিয়ে বিলবোর্ড টপচার্টে একাধারে এক, দুই ও তিন নম্বর স্থান দখল করেছিলেন। তিনিই এমন ‘ইতিহাস’ ঘটানো একমাত্র গায়িকা। ক্লাসের যে ছাত্রী একসঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়ে বসে থাকে...তাঁর সঙ্গে প্রতিযোগিতায় নামবে কে! অ্যাডেলেভক্তরা তাই ইতিমধ্যে রীতিমতো ঘোষণা দিয়ে বসে আছেন, অ্যাডেলের নতুন অ্যালবামই হবে এ বছরের সেরা। অ্যালবাম মুক্তির আগপর্যন্ত অবশ্য এর সবই অনুমান। আপাতত ভক্তরা ২৯ সেকেন্ডের ‘গানের ভগ্নাংশটি’ই হয়তো বারবার শুনবেন। ‘হ্যালো, ইটস মি। আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ আফটার অল দিস ইয়ারস ইউ উড লাইক টু মিট...।’ সেই পুরোনো...চেনা, ঠান্ডা, শান্ত কণ্ঠস্বর। যেন আবেগের ঝড়ে ভেসে যাওয়ার ঠিক আগমুহূর্ত!
বিলবোর্ড ও গার্ডিয়ান অবলম্বনে