২৯ সেপ্টেম্বর রুনা লায়লার একক কনসার্ট
গত সোমবার লন্ডন থেকে দেশে ফিরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা। দেশে ফিরেই আবার ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান অল কমিউনিটি ক্লাবে একক কনসার্টে অংশ নেবেন তিনি।জানা গেছে, কনসার্টে রুনা লায়লা বিভিন্ন সময়ে গাওয়া জনপ্রিয় গানগুলোই পরিবেশন করবেন। এর মধ্যে ‘বাড়ির মানুষ কয়’, ‘গানেরই খাতায় স্বরলিপি’, ‘চঞ্চলা মেঘ রে’, ‘বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম’, ‘এই বৃষ্টি ভেজা রাতে’, ‘সাধের লাউ’, ‘দমা দম মাস্ত কালান্দার’, ‘দিল ধাড়কে’, ‘রানজিসী হি শাহি’, ‘গুলমে রাঙ্গ ভারে’, ‘ও মেরা বাবু’ গানগুলো উল্লেখযোগ্য।কনসার্টটি আয়োজনে সহযোগিতা করছে রূপকথা ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির পক্ষে রুবাইয়াত্ ঠাকুর বলেন, রুনা লায়লা বাংলাদেশের প্রধানতম গায়িকা। আন্তর্জাতিকভাবেও রয়েছে তাঁর জনপ্রিয়তা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ভক্ত-শ্রোতারা সব সময় তাঁর গান শুনতে ভালোবাসেন। সংগীতজীবনের প্রায় পুরোটা সময়জুড়েই তিনি তাঁর সংগীতচর্চা ও পরিবেশনা ধরে রেখেছেন। যা নবীন প্রজন্মের সংগীতপ্রেমী আর শিল্পীদের জন্য এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হতে পারে।কনসার্টে প্রবেশাধিকার নির্দিষ্ট। এটি কেবল ক্লাবের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে।