৩ ডিসেম্বর সংগীত পুরস্কার
৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ষষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান। এবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে লালবাগ কেল্লায়। তাই অনুষ্ঠানজুড়ে মোগল আমলের একটা আবহ রাখার পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আফজাল হোসেন। তাঁকে সহযোগিতা করবেন কয়েকজন তারকা র্যাম্প মডেল।অনুষ্ঠানে থাকবে চারটি হাতি ও ২৫টি ঘোড়া। লালবাগ কেল্লাজুড়ে অনুষ্ঠানটির সেট তৈরি করছেন মুকিম উল আনোয়ার। এখানেই থাকবে আমন্ত্রিত দর্শকদের বসার ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদা মল্লিক জলির নেতৃত্বে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে তৈরি হয়েছে রাজকীয় পোশাক। এরই মধ্যে এই পোশাক তৈরি নিয়ে নানা গবেষণা করেছেন তাঁরা। থাকছে নসিরুল হক খোকনের পরিচালনায় ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’। সঙ্গে থাকবে মোগল আমলের আনারকলি ও সেলিমের গল্প।বিভিন্ন নাট্যদলের ছেলেমেয়েরা রাজা-রানি ও রাজদরবারের বিভিন্ন চরিত্রে অংশ নেবেন। বগুড়া থিয়েটারের নাট্যকর্মীরা বাজাবেন রাজদরবারে ব্যবহার করা নাকাড়া। অনুষ্ঠানে পঞ্চকবির গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, মৃদুলকান্তি চক্রবর্তী, লিলি ইসলাম, সাদী মহম্মদ ও সাদিয়া আফরিন মল্লিক। লোকগান করবেন ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী, নাশিদ কামাল, কিরণচন্দ্র রায় ও দিলরুবা খান। বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে গান করবেন ফাহমিদা নবী, শাফিন আহমেদ, আগুন, ইমন সাহা ও বাপ্পা মজুমদার। পপগান করবেন ফেরদৌস ওয়াহিদ, পিলু মমতাজ ও ফকির আলমগীর। এ সময়ের গানের শিল্পীরা হলেন কণা, আরফিন রুমি, মিলা ও বালাম। অনুষ্ঠান শেষ হবে সব শিল্পীর গাওয়া শিরোনাম সংগীতের মধ্য দিয়ে।অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখানো হবে ১০ ডিসেম্বর দুপুরে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন শহিদুল আলম সাচ্চু। এখন চলছে শেষ মুহূর্তের কাজ।