৩ নম্বর গানেই বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিনা ইয়াসমিন
সাবিনা ইয়াসমিন

ছোটবেলায় বড় ধরনের ঝামেলার মুখোমুখি হন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ছোটদের অনুষ্ঠানের কর্তাব্যক্তিরা তাঁকে ছাড়তে চান না, আবার অন্যরা কপালে ভাঁজ ফেলে জানতে চান, এত অল্প বয়স, চলচ্চিত্রের গানের সঙ্গে মানাবে তো? বয়স কম হওয়ায় বড়দের গান গাইতে তাই বেশ কাঠখড় পোহাতে হয় এই গুণী শিল্পীর।
সাবিনা ইয়াসমিন তাঁর সংগীতজীবনের টার্নিং পয়েন্ট বলার আগে তাই ছোটবেলার কথা বললেন। তিনি তখন বাংলাদেশ বেতারের ‘খেলাঘর’ অনুষ্ঠানের খুদে শিল্পী। শিশুশিল্পী হিসেবেই তিনি পরিচিতি। কিন্তু বড়দের গান গাওয়ার ইচ্ছে তাঁর।
সাবিনার ভাষায়, ‘কেউ আমাকে বড়দের গান গাওয়ার কোনো সুযোগ দেয় না। আমাকে খেলাঘর থেকে বের করে বড়দের অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য আম্মা রেডিওর অনেককেই অনুরোধ করলেন। কিন্তু কেউ তাতে সায় দেয় না। উল্টো আম্মাকে জানানো হলো, আমি খেলাঘর থেকে চলে গেলে আমার জায়গা ফাঁকা হয়ে যাবে।’
এরই মধ্যে তাঁদের পাশের বাসায় এসে উঠলেন সুরকার ও সংগীত পরিচালক আলতাফ মাহমুদ। সাবিনা ইয়াসিমন এবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলেন। বললেন, ‘তিনি যেমন “আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানের জন্য বিখ্যাত, তেমনি অন্য গানেও তাঁর বেশ সুনাম। বহু চলচ্চিত্রে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। আম্মা আমাকে দিয়ে বড়দের গান গাওয়ানোর জন্য তাঁকেও অনুরোধ করলেন। আম্মার ওপর একটু বিরক্ত হয়েই রাজি হলেন।’
খুশিতে ‘ছটফট’ অবস্থা সাবিনা ইয়াসিমনের। প্রথম গান ছিল জহির রায়হান পরিচালিত আগুন নিয়ে খেলা ছবির জন্য। ‘মধু জ্যোৎস্নার দীপালি’ গানটির সঙ্গে ছবিতে ঠোঁট মেলান নায়িকা সুজাতা।
গানটি শোনার পর আলতাফ মাহমুদ একেবারে চুপ। কিছুই বললেন না। এদিকে সাবিনার পুরো পরিবার আছে দারুণ মানসিক চাপের মধ্যে। কিছুদিন পর ওই ছবির আরেকটি গান গাওয়ার জন্য ডাকা হয় সাবিনাকে। মাহামুদুন্নবীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেন তিনি। সবাই বুঝতে পারলেন, আগের গানটি তাহলে মন্দ হয়নি।
তবে এই দুটি নয়, ৩ নম্বর গানে বাজিমাত করেন সাবিনা। দর্শক-শ্রোতারা দুহাত বাড়িয়ে গ্রহণ করেন তাঁকে। গানটির শিরোনাম ‘শুধু গান গেয়ে পরিচয়’। ‘পেছন ফিরে তাকাতে হয়নি’ এমন বাক্যের জন্য এই গানটির কথা স্মরণ করেন সাবিনা। গানটির রেকর্ডিং করা হয় ১৯৬৭ সালে। ছবির নাম অবুঝ মন । ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আলতাফ মাহমুদ।