
১৯৭৮ সালের মে মাসে প্রকাশিত উন্মাদ-এর প্রথম সংখ্যার প্রচ্ছদটি দেখে পাঠকেরা কি বুঝতে পেরেছিলেন কী ঘটাতে যাচ্ছে এই রম্য ম্যাগাজিন? সেই প্রচ্ছদে দেখা যায়, চোখে গোল ফ্রেমের চশমা, সামনের দুটি দাঁত দিয়ে চিরচেনা ‘উন্মাদ’ দুই হাতে তুলে ধরছেন একটি ম্যাগাজিন। তাঁর এই কর্মের পুরস্কার হিসেবে নেপথ্যে থেকে ডিম, টমেটো, কলার ছোলা ছুড়ে মারছে জনগণ। তিন যুগ পেরিয়ে প্রকাশিত হয়েছে উন্মাদ-এর ৩০০তম সংখ্যা।
জনপ্রিয় উন্মাদ ম্যাগাজিনের ৩০০তম সংখ্যার প্রকাশনা ও পত্রিকাটির তিন যুগকে উপলক্ষ করে শুরু হয়েছে ৭৭টি প্রচ্ছদ নিয়ে প্রদর্শনী। বৃহস্পতিবার দৃক গ্যালারির একটি কক্ষে হই-হুল্লোড় আর জমজমাট আড্ডার মধ্য দিয়ে কাটা হয় কেক। প্রদর্শনালয়জুড়ে ছড়িয়ে দেওয়া হয় গুচ্ছ গুচ্ছ বর্ণিল বেলুন। এ সময় উপস্থিত ছিলেন উন্মাদ-এর সম্পাদক আহসান হাবীব, নির্বাহী সম্পাদক মেহেদী হক, সহকারী সম্পাদক নাসরিন সুলতানাসহ ম্যাগাজিনটির কার্টুনিস্ট ও লেখকেরা।
অনুষ্ঠানে আহসান হাবীব বলেন, ‘পাঠকেরাই বাঁচিয়ে রেখেছে আমাদের এই ম্যাগাজিনটিকে। এই সাময়িকীটির রচনা বা কার্টুনকে ঘিরে আদালতে মামলা হয়েছে। হামলার ঘটনাও ঘটেছে।’ নিজের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘এই সাময়িকীটির পথযাত্রা যখন শুরু হয়, তখন আমি ব্যাংকে চাকরি করতাম। চাকরি করব না উন্মাদ চালিয়ে যাব—এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম।’
প্রদর্শনীকক্ষের দেয়ালে ৭৭টি ফ্রেমের মধ্যে ১৯৭৮ সালে প্রকাশিত প্রথম সংখ্যার প্রচ্ছদ থেকে শুরু করে স্বৈরশাসক এরশাদের পতন নিয়ে বিশেষ গণতন্ত্র সংখ্যার প্রচ্ছদ, নববর্ষ সংখ্যা, শেয়ারবাজারের পতনকে উপজীব্য করে প্রকাশিত সংখ্যা, দ্রব্যমূল্যের বৃদ্ধি, শততম সংখ্যা, পরিবেশদূষণ প্রতিরোধবিষয়ক সংখ্যা, ঈদসংখ্যাসহ নানা প্রচ্ছদ স্থান পেয়েছে।
কাল শনিবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী।