৩০ জন যন্ত্রশিল্পীর থিম মিউজিক

দেশের শীর্ষস্থানীয় ৩০ জন যন্ত্রশিল্পীর সরাসরি অংশগ্রহণে একটি থিম মিউজিক তৈরি হয়েছে। গত রোববার রাজধানীর মগবাজারে শ্রুতি রেকর্ডিং স্টুডিওয়ে এসব শিল্পী মিলে থিম মিউজিকটি করেন।
বাংলাদেশ মিউজিশিয়ানস ফোরামের প্রথম সম্মেলনের উদ্বোধনী দিন ১ সেপ্টেম্বর আজাদ মিন্টু ও মনোয়ার হোসেন টুটুলের পরিচালনায় তৈরি এই থিম মিউজিক বাজানো হবে।

সম্প্রতি পেশাদার যন্ত্রশিল্পীরা নিজেদের সুবিধা, অসুবিধা ও স্বার্থ রক্ষার্থে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ মিউজিশিয়ানস ফোরাম (বিএমএফ)। গাজী আব্দুল হাকিমকে সভাপতি এবং দেবু চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। গত এপ্রিলে পেশাদার যন্ত্রশিল্পীরা প্রথম একত্র হন মগবাজার শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে। এর পর ১ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।
ইতিমধ্যে সারা দেশের প্রায় এক হাজার ২০০ যন্ত্রশিল্পীকে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে বলে জানান সংগঠনের সাংগঠনিক সম্পাদক পল্লব সান্যাল। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দিনব্যাপী প্রথম সম্মেলন হবে। আয়োজনের মধ্যে রয়েছে বেলা তিনটায় আনন্দ শোভাযাত্রা, সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের শীর্ষ শিল্পীরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।