৩০ দিনে 'খাসজমিন'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইমন সাদিক ও বিপাশা কবির
সাইমন সাদিক ও বিপাশা কবির

সাধারণত একটি সিনেমার শুটিংয়ের প্রথম ধাপের কাজ হয় এক সপ্তাহ বা দশ দিনে। তারপর ধাপে ধাপে বিভিন্ন সময়ে চলে সেই ছবির কাজ। কিন্তু ‘খাসজমিন’ ছবির কাজ কোনো বিরতি ছাড়াই একটানা ৩০ দিনের শুটিং করে শেষ হবে। এটি পরিচালনা করছেন সারোয়ার হোসেন। ১ নভেম্বর থেকে গাজীপুরের পুবাইলের হোতাপাড়ার লোকেশনে শুটিং শুরু হয়েছে ছবিটির।

টানা ৩০ দিন শুটিং কেন? শুটিং লোকেশন থেকে মুঠোফোনে ওই পরিচালক বলেন, ‘গল্পের প্রয়োজনেই কাজটি করতে হচ্ছে। টানা শুটিং না করলে ছবির নায়কের গেটআপের ধারাবাহিকতা সমস্যা হবে।’
ভূমিদস্যুতার গল্প নিয়ে ছবিটির কাহিনি গড়ে উঠেছে। ছবিতে ‘রবি’ চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। তিনি একজন ভূমি কর্মকর্তা।
সাইমন বলেন, ‘এখানে চরিত্রটিকে ইতিবাচক হিসেবে দেখানো হয়েছে। ভূমিদস্যুদের হাত থেকে খাসজমি রক্ষা করে ভূমিহীনদের মধ্যে বিতরণ করে দেন এই কর্মকর্তা।’
ছবির নায়িকা বিপাশা কবির একটি যাত্রাদলের প্রিন্সেস। তাঁর জন্য এই চরিত্রটি নতুন এক অভিজ্ঞতা। বিপাশা বলেন, ‘বাস্তবে কখনোই যাত্রা দেখার সুযোগ হয়নি আমার। চরিত্রটি আমার কাছে নতুন। ইউনিটের সবার সহযোগিতা নিয়ে কাজটি করছি।’ তিনি বলেন, চরিত্রটিতে কাজের সুযোগ আছে।
‘খাসজমিন’ ছবিতে আরও অভিনয় করছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ​, তানভিন তনু, রেবেকা প্রমুখ।