৩০ বছর পূর্তি উৎসব করছে ফেডারেশন
মঞ্চনাটকের নানা সংকট নিরসন, একই সঙ্গে সম্মিলিতভাবে মঞ্চনাটকের আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যশা নিয়ে একাধিক নাট্যদলের সমন্বয়ে ১৯৮০ সালের ২৯ নভেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যাত্রা শুরু হয়। আজ তা ৩০ বছরে দাঁড়িয়েছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় গ্রুপ থিয়েটার ফেডারেশন আজ পরিপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। সংগঠনটির বয়স ৩০ বছরে উন্নীত হয়েছে। ৩০ বছর পূর্তি উৎসব করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এ উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানমালা হাতে নিয়েছে সংগঠনটি। ২৬ নভেম্বর শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিরেয়টার হলে পূর্তি অনুষ্ঠানটির উদ্বোধন হবে। এ সময় সারা দিন থাকছে ঢাকার নারী নাট্যকর্মীদের সম্মিলন। সন্ধ্যায় থাকছে আরণ্যকের জনপ্রিয় নাটক রাঢ়াঙ। এক দিন বিরতি দিয়ে ২৮ নভেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের রাজা এবং অন্যান্য। এদিন ফেডারেশনের পক্ষ থেকে মঞ্চনাটকের নেপথ্য কর্মীদের সংবর্ধনা দেওয়া হবে। মঞ্চনাটকের মধ্য দিয়ে যেসব বিশিষ্টজন একুশে পদক পেয়েছেন, তাঁদের সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানটি হবে উৎসবের শেষ দিন ২৯ নভেম্বর। এদিকে ফেডারেশনের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে নাট্যকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। নাট্যকর্মীরা বলছেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মঞ্চনাটকের ইতিহাস বহন করে। ৩০ বছর ধরে নাট্যদলের একটি মাত্র সংগঠন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেশের যেকোনো দুঃসময়ে ফেডারেশনের নেতৃত্বে নাট্যকর্মীরা রাস্তায় নেমেছেন। তাই এই সংগঠনের ৩০ বছর পূর্তি আরেকটু অন্যভাবে হতে পারত। তাঁরা মনে করছেন, আরও বড় আয়োজনে পূর্তি উৎসবটি হোক। তবে ফেডারেশনের পক্ষ থেকে আয়োজনটি বড় পরিসরে করার চেষ্টা থাকলেও মিলনায়তন বরাদ্দ না পাওয়ার কারণে তা করায় বাধা পড়েছে। ফেডারেশন সূত্রে জানা যায়, জাতীয় নাট্যশালায় অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু বড় মিলনায়তন না পাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।এ প্রসঙ্গে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান বলেন, ‘ফেডারেশনের এত বছরের পূর্তি উৎসবকে আমরা একটু অন্যভাবে করতে চেয়েছি। ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনটি সরকারিভাবে বরাদ্দ নেওয়া হয়েছে। ফলে আমরা মিলনায়তন পাচ্ছি না। এটা খুবই দুঃখজনক যে জাতীয় নাট্যশালায় নাটকের পরিবর্তে নানা কাজে সরকার মিলনায়তনটি ব্যবহার করছে। এতে নাটকের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে।’