৩০ মিনিটে শাহরুখের আয় আট কোটি রুপি
বিয়ের অনুষ্ঠানের চমক বাড়াতে আমন্ত্রিত অতিথি হিসেবে কিংবা মঞ্চ পরিবেশনার জন্য ডাক পড়ে বলিউডের তারকাদের। মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে এ ধরনের অনুষ্ঠানে হাজিরও হন তাঁরা। সম্প্রতি দুবাইয়ে এমনই এক বিয়ের অনুষ্ঠানে মাত্র আধঘণ্টা মঞ্চ পরিবেশনার বিনিময়ে প্রায় আট কোটি ভারতীয় রুপি পকেটে ভরেছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। ইদানীং বিভিন্ন কারণ দেখিয়ে পারতপক্ষে এ ধরনের অনুষ্ঠানে হাজির হওয়া থেকে বিরত থাকছেন বলিউডের প্রথম সারির তারকারা। বলিউডের অন্যতম প্রভাবশালী দুই অভিনেতা আমির খান ও সাইফ আলী খান এ ধরনের অনুষ্ঠানে তারকাদের অংশগ্রহণ একদমই সমর্থন করেন না। আর ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগের কারণে আপাতত নাচানাচি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে সালমান খানকে। এমন অবস্থায় যেন ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ পেয়ে গেছেন শাহরুখ। বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইচ্ছামতো দর হাঁকছেন এ তারকা অভিনেতা। তাঁর চাহিদা অনুযায়ী পারিশ্রমিকও দিচ্ছেন অনুষ্ঠানের আয়োজকেরা। সম্প্রতি দুবাইয়ের মদিনাত জামেইরাহ হোটেলে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনার বিনিময়ে প্রায় আট কোটি রুপি পেয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘মুম্বাই মিরর’।দুবাইয়ে শাহরুখের বেশির ভাগ অনুষ্ঠানের আয়োজন করেন রশিদ সাইদ। তিনি জানান, ‘কনের পরিবারের সদস্যদের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। কনের মা-বাবার আমন্ত্রণ পাওয়ার পর বিয়েতে হাজির হয়ে মঞ্চ পরিবেশনায় অংশ নিতে রাজি হন শাহরুখ।’ শাহরুখের কাছের একটি সূত্র জানায়, শাহরুখ দুই বছর আগেই বিয়ের অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনার জন্য চার কোটি রুপি পারিশ্রমিক নিতেন। আর এ ধরনের অনুষ্ঠানে হাজিরা দিলেই পেতেন এক কোটি রুপি। আসলে, পারিশ্রমিকের অঙ্কটা বড় কথা নয়, এ ধরনের অনুষ্ঠানে তাঁকে পাওয়াটাই সবচেয়ে মুশকিলের বিষয়। প্রচণ্ড ব্যস্ততার কারণে এসব অনুষ্ঠানের জন্য সময় বের করা তাঁর পক্ষে সত্যিই কষ্টকর। গত বছর এ ধরনের প্রায় আড়াই শ অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব এসেছিল শাহরুখের কাছে। সেগুলোর মধ্য থেকে মাত্র ১০টি অনুষ্ঠানে হাজির হতে পেরেছেন তিনি। এ বছর ছয়টির বেশি অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না ৪৭ বছর বয়সী এ ‘রা ওয়ান’ তারকা।