৩১ জন শিল্পী, গান ১৫০টি
বাংলাদেশের সেকাল ও একালের ৩১ জন শিল্পীর গাওয়া ১৫০টি গান। পুরো আয়োজনের নাম বাংলাদেশের হূদয় হতে। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে ১৫টি সিডির এই আয়োজন। সঙ্গে আরও থাকছে রবীন্দ্রসংগীতের সে সময় আর এ সময় নিয়ে শিল্পী ও গবেষকদের আলাপচারিতার ডিভিডি এবং সব কটি গানের বাণী ও শিল্পীদের পরিচিতি নিয়ে একটি বই। পুরো আয়োজনটি হয়েছে বোরহান সিদ্দিকী ও রেহানা সিদ্দিকীর ব্যক্তিগত উদ্যোগে। বোরহান সিদ্দিকী জানালেন, ২৪ জুলাই এ আয়োজনটির মোড়ক খোলা হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। আর মোড়ক খুলবেন রবীন্দ্রসংগীতের প্রবীণ শিল্পী বিলকিস নাসিরুদ্দিন। সে সময়ের শিল্পীদের মধ্যে এ আয়োজনে রয়েছে আব্দুল আহাদ, কলিম শরাফী, আফসারী খানম, বিলকিস নাসিরুদ্দিন, সন্জীদা খাতুন, জাহেদুর রহিম, মালেকা আজিম খান, ফাহমিদা খাতুন, অজিত রায় ও মাহমুদা খাতুনের গাওয়া ৪০টি গান নিয়ে চারটি সিডি। আর আয়োজনটির এ সময়ের শিল্পীরা সবাই জনপ্রিয়। বোরহান সিদ্দিকী বললেন, ‘কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে নয়, আমরা এ আয়োজনটি করেছি নতুন এবং পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের গান আর এই গান যাঁদের কণ্ঠে খুব জনপ্রিয় হয়েছে, পেয়েছে নতুন মাত্রা—সেই শিল্পীদের পৌঁছে দিতে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজটা আমরা করেছি। ১৫টি সিডির একটিতে রয়েছে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের ১০টি গান। সাধারণত এ ধরনের আয়োজনে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের কথা ভাবা হয়। আমরা কিন্তু পুরোপুরি বাংলাদেশের শিল্পীদের নিয়েই কাজটা করেছি। বাংলাদেশের পাশাপাশি বিদেশেও এ আয়োজনটি আমরা বাজারজাত করব।’