৩১ জানুয়ারি ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতিমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগান ধারণ করে আগামীকাল শনিবার চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দিনব্যাপী ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতিমেলা। বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় থাকবে প্রকৃতিবিষয়ক অভিনব ক্যারেক্টার শো, মূকাভিনয়, যাত্রাপালা, গান, নাচ, গম্ভীরা ও সম্মাননা প্রদান। থাকবে প্রাণ প্রকৃতি নিয়ে ছবি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সামুদ্রিক মাছের স্টল, জীবন্ত প্রজাপতি ঘর, পাখিদের নিয়ে তথ্য-উপাত্ত, চেনা-অচেনা বিভিন্ন প্রজাতির গাছের পসরা।
প্রকৃতিমেলা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে বের করা হয় শোভাযাত্রা, যা চ্যানেল আইয়ের সামনের সড়ক হয়ে তিব্বত মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।