৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অপেক্ষা’
৩১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অপেক্ষা। এটি তৈরি হয়েছে ডিজিটাল প্রযুক্তিতে। ছবির পরিচালক আবু সায়ীদ বললেন, ‘শুরুতে পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। ডিজিটাল ছবি প্রদর্শনের ব্যাপারে আমাদের দেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেই। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে প্রেক্ষাগৃহগুলোতে প্রজেক্টরসহ আনুষঙ্গিক প্রযুক্তিগত সুবিধাও সরবরাহ করছি।’তিনি আরও বলেন, ‘এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিয়মিত চলচ্চিত্র তৈরি হচ্ছে। কিন্তু প্রেক্ষাগৃহগুলোতে তা প্রদর্শনের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই নির্মাতারা টেলিভিশন চ্যানেলগুলোর শরণাপন্ন হচ্ছেন। এখন থেকে নির্মাতারা আমার এই প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শন করতে পারবেন।’আবু সায়ীদের অপেক্ষা ছবির বিষয় জঙ্গিবাদ ও তার প্রভাব। জঙ্গি-তৎপরতার পাশাপাশি এর পারিবারিক প্রভাব তুলে ধরা হয়েছে গল্পে। ছবিটিপরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য রচনা ও চিত্রগ্রহণের কাজ আবু সায়ীদ নিজেই করেছেন। গত মার্চ মাসে বগুড়া জেলার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি গ্রামে ছবির চিত্রগ্রহণের কাজ শুরু হয়। এরপর ঢাকার নবাবগঞ্জ, টঙ্গী রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। ছবিতে অভিনয় করেন মিরানা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তিনু করিম, উজ্জ্বল মাহমুদ, মিঠু বর্মণ, আহসানুল হক মিনু, নার্গিস, জ্যামি জুয়েল, শরীফ খান, খোরশেদ আলম, আমান, কামাল আহমেদ, দিলরুবা ইয়াসমিন প্রমুখ।