৩১ মার্চ থেকে ‘মহানগর নাট্যোৎসব’
‘ঢাকা হবে থিয়েটার নগরী’ শিরোনামে ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ‘মহানগর নাট্যোৎসব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ছয় দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। উৎসবে অংশ নিচ্ছে ২০টি নাট্যদল। নগরের চারটি মিলনায়তনে সপ্তাহজুড়ে এই দলগুলো নাটকের প্রদর্শনী করবে। এই হলগুলো হলো—বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তন, সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র, ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন এবং মিরপুরের বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিলনায়তন। ৩১ মার্চ বিকেলে ছায়ানট মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকি বলেন, ‘ঢাকায় বিনোদনের জায়গা তুলনামূলকভাবে একেবারেই সীমিত। আর তা শুধু কয়েকটি এলাকার মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। এ ক্ষেত্রে নাটকের ব্যাপারটি বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভিন্ন এলাকার বেশির ভাগ দর্শকই দূরত্বের কারণে নাটক দেখা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই, বিনোদনকে ঢাকা নগরের সর্বত্র ছড়িয়ে দিতে। যাতে সবাই সমানভাবে তা উপভোগ করতে পারে।’ উৎসব শেষ হবে ৬ এপ্রিল।