একুশে টিভিতে শুরু হলো ধারাবাহিক নাটক কামিনী। লিখেছেন ও পরিচালনা করছেন সুস্ময় সুমন। অভিনয় করছেন মম। কথা হলো তাঁর সঙ্গে।‘কামিনী’র গল্প শুনতে চাই।কামিনী। নাটকে অভিনয় করে। কিন্তু বিয়ের পর স্বামী আর শ্বশুরবাড়ি তার কাজে বড় বাধা হয়ে দাঁড়ায়। স্বামী সব ব্যাপারেই কামিনীকে সন্দেহ করে। অত্যাচার করে। সাংসারিক আর পারিবারিক নানা টানাপোড়েনে কামিনীর মানসিক সমস্যা তৈরি হয়। নাটকে আমিই কামিনী।কামিনীর সঙ্গে বাস্তবের কোথাও কোনো মিল পেয়েছেন?কামিনী কিন্তু বাস্তব থেকে আলাদা কেউ নন। আমরা যত কথাই বলি, সংসারে শেষ কথাটা কিন্তু পুরুষই বলেন। বিয়ের পর একজন মেয়ের ইচ্ছা, পছন্দ, স্বপ্ন, শখের ব্যাপারে কতটা মূল্য দেওয়া হয়। শেষ পর্যন্ত তাকেই বড় ছাড় দিতে হয়। কামিনীর গল্পের সঙ্গে মিলে যায়—এমন কিছু মেয়ের কথা আমি জানি, শুনেছিও। তবে ব্যক্তিগত জীবনে স্বামী আর শ্বশুরবাড়ির সমর্থন পাচ্ছি বলেই আমি পড়াশোনা করেছি, অভিনয় করতে পারছি।আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ, ইদানীং সেখানে যাওয়া হয়েছে?বিশ্ববিদ্যালয়ের সাতটা বছর আমার জীবনের শ্রেষ্ঠ সময়। অন্য রকম পরিবেশ, প্রকৃতির খুব কাছাকাছি থেকেছি। আর খালেদা জিয়া হলের ৩২৩ নম্বর রুমের কথা কোনো দিন ভুলব না। পুরো চার বছর থেকেছি ওই রুমে। আমার অনেক কিছুই এখনো ওখানে আছে। আমি তো এমফিলে ভর্তি হয়েছি। তাই যেতে হয়েছে। ঈদের পর আবার পড়াশোনা শুরু হবে। আশা করছি, আবারও ৩২৩ নম্বর রুমে গিয়ে উঠব।