৩৩ বছর কেটে গেল...
হুমায়ুন ফরীদি। ৩৩ বছর কেটে গেল তাঁর অভিনয়ে। টানা ১৩টি বছর মঞ্চে কাজ করে এসেছেন টিভি-পর্দায়। তারপর চলচ্চিত্রে। বাংলা চলচ্চিত্রেও ছিল তাঁর জয়জয়কার। এখন তিনি আবার কাজ করছেন টিভি-নাটকে। অভিনয় ও পরিচালনা—দুটো কাজই করছেন একসঙ্গে।রোববার দুপুর ১২টায় তাঁর সঙ্গে দেখা করার সময় ঠিক হলো। কিন্তু সে সময় তিনি আরেকটি কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ঠিক হলো, বিকেল পাঁচটায় চ্যানেল আই কার্যালয়ে কথা বলবেন তিনি।ঠিক পাঁচটায় এলেন তিনি। সঙ্গে বন্ধু চিত্রগ্রাহক আনোয়ার হোসেন (বুলু)। চলন, বলন—কোনো কিছুতেই বদলাননি তিনি।কেমন আছেন?ফরীদি কিছুটা যেন আনমনা। এদিক-ওদিক তাকালেন। চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আমি আছি...ভালোই আছি। এই তো বেশ আছি।ফরীদি আর কিছু বলেন না। নীরবতা ভেঙে আবার প্রশ্ন করি, একাকী জীবন ভালো লাগছে আপনার?ফরীদির সেই বিখ্যাত হাসি। আরে, আমি একা কেন থাকব? সবাই আছে। আমার বাড়িতে তিনজন মানুষ আছে। তারাই আমার দেখাশোনা করে। একবার হঠাত্ করে রান্নাবান্না যে করে, সে ছুটি নিল। প্রথম দিন আমি নিজেই রান্না করলাম। তারপর ছোট বোনকে বললাম, আমার জন্য দুই দিনের খাবার পাঠিয়ে দে। ও ছয় দিনের খাবার পাঠিয়ে দিল। ব্যস্।যদি হঠাত্ অসুস্থ হয়ে পড়েন, তখন কে দেখাশোনা করবে?ফরীদি স্বাভাবিকভাবেই বললেন, কেন, ওই যে ওদের কথা বললাম। বেশি অসুস্থতা বোধ করলে ওরা আমাকে চিকিত্সকের কাছে অথবা হাসপাতালে নিয়ে যায়।প্রসঙ্গ পাল্টানো হয়। তাতেই যেন ফরীদি মুক্ত বাতাসের সন্ধান পান।৩৩ বছর ধরে অভিনয় করছেন? কোন সময়টাকে এখন পর্যন্ত আপনি আপনার শ্রেষ্ঠ সময় বলে মনে করেন?বললেন, আমি আমার অভিনয়ের প্রতিটি মুহূর্তকেই শ্রেষ্ঠ বলে মনে করি এবং যে চরিত্রটিতে কাজ করছি, সেটি উপভোগ করি। তবে যদি বলেন, কোন মাধ্যমে কাজ করে আমি স্বচ্ছন্দ বোধ করেছি, তাহলে অবশ্যই বলব, মঞ্চের কাজটা অনেক বেশি উপভোগ করেছি। এখন আবার টিভি-নাটক পরিচালনা করে বেশ আনন্দ পাই।ফরীদি এখন টিভি-নাটকে একদিকে যেমন অভিনয় করছেন, তেমনি নিজেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক তৈরি করছেন। সম্প্রতি তিনি অনুভূমি নামের একটি ধারাবাহিক নাটকের নির্দেশনা দিচ্ছেন। এ ছাড়া আরও কিছু কাজ নিয়ে রয়েছেন ব্যস্ত। তবে গত দু-তিন বছরে হুমায়ুন ফরীদিকে এমন কোনো নাটকে দেখা যায়নি যে কাজ নিয়ে খুব বেশি আলোচনা বা হইচই হয়েছে। এটা কেন?‘আসলে কাজ ঠিকই হয়। কিন্তু সেই কাজ কি এখন মানুষ দেখতে পারে? টিভি-নাটক কজন দেখতে পারে বলুন। একটি নাটকের দুটি দৃশ্য যাওয়ার পরই ১০ মিনিটের বিজ্ঞাপন-বিরতি। নাটকের গল্পের মধ্যে যখনই একজন দর্শক ঢুকে পড়ে, তখনই বিজ্ঞাপন শুরু হলে দর্শক চলে যায় অন্য চ্যানেলে। ফলে ভালো কাজও মানুষ দেখার সুযোগ পায় না। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, আমাদের এখানে তো সবাই আর সেভাবে চরিত্র তৈরি করতে পারে না। তা ছাড়া বয়সও তো একটা ফ্যাক্টর। আমি তো এখন আর চাইলেই আগের মতো দৌড়াদৌড়ি করতে পারব না। বয়স আমাকে সব কাজে সায় দেবে না। এটা মেনে নিয়েই কাজ করছি।’ বলছিলেন ফরীদি।যে কাজ মানুষ দেখে না, তাহলে কষ্ট করে নাটক করছেন কেন? বা অভিনয়ই করছেন কেন?ফরীদি সহজভাবেই বলে দিলেন, পরিচালনার কাজটা উপভোগ করি, আর অভিনয় করি টাকার জন্য। জীবন ধারণ করতে টাকার প্রয়োজন হয়। তাই কাজ করি। আবারও সেই হা...হা...হা... হাসি।ফরীদি হাসছেন তো হাসছেনই। এই হাসির আড়ালে অন্য কিছু নেই তো!সরাসরি বললেন, না। কোনো কিছু নিয়ে আমার অনুশোচনা নেই, দুঃখও নেই।যদি কোনো কাজ করার পর মনে হয় যে আপনি একটি ভুল কাজ করেছেন, তখন কী করেন?আমি আমার জীবনে খুব বেশি ভুল কাজ করেছি বলে মনে হয় না। তার পরও যদি মনে হয়েছে, আমি ভুল করেছি, তখন আমি সেটি নিয়ে চিন্তাভাবনা করি। চেষ্টা করি পরেরবার সেটি শুধরে নিতে। কিন্তু আমি কাউকে ভুল বুঝতে চাই না।চলচ্চিত্রে কাজের কী অবস্থা?কাজ করছি। তবে সংখ্যায় আগের মতো বেশি কাজ করছি না। কম কাজ করি। যদি দেখি, আমার জন্য ছবিটা ভালো হবে, তবেই করি।চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন। কিন্তু পরে সেটিও ছেড়ে দিলেন?কারণ তো ওই একটাই। প্রথম ছবি বানিয়ে অনেক টাকা লোকসান দিয়েছি। এরপর আর ইচ্ছা হয়নি।চলচ্চিত্র পরিচালনা করবেন?না। এটি করার কোনো ইচ্ছাই নেই।ফরীদি উঠে দাঁড়ালেন। বললেন, আরও কথা হবে পরে। কাজ হবে, কথাও হবে। এক দিনে সব বলে দিলে তো হবে না, বলেই সেই হাসি হেসে চলে গেলেন।