৩৫ দিনের শিশু নিয়ে মাঝনদীতে

৩৫ দিনের শিশুকে কোলে নিয়ে মাঝনদীতে নৌকায় বসবাস করেছেন, নদীতে জাল ফেলেছেন, মাছও ধরেছেন, করেছেন সাংসারিক অন্য সব কাজ। নতুন একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নদী কাব্য’তে নিজের অভিনীত চরিত্র নিয়ে এভাবেই বললেন প্রধান চরিত্রে রূপদানকারী অভিনয়শিল্পী ফারজানা ছবি। গতকাল রোববার বিকেলে এ কথা জানান তিনি। এ মাসের প্রথম সপ্তাহে মানিকগঞ্জের তেওতা নামক চরে টানা কয়েক দিন শুটিং করে এই সিনেমার কাজ শেষ করেন ছবি।
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অর্থায়নে ডিজিটাল ফিল্ম মেকিং কোর্সের ২৫ জন শিক্ষার্থীর সহযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নদী কাব্য’-এর শুটিং শেষ হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন জেমী। তিনি জানান, বিভিন্ন উৎসবে দেখানোর উদ্দেশ্যে এ সিনেমা তৈরি করা হয়েছে।
‘নদী কাব্য’ সিনেমার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে ফারজানা ছবিকে। তাঁর কথাবার্তায় তেমনটাই বোঝা গেল। তিনি বলেন, প্রতিদিন ভোর পাঁচটায় মানিকগঞ্জের আরিচাঘাটে যেতে হয়েছে। ঘাট থেকে আরও ভেতরে একটা চরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়েছে।
‘নদী কাব্য’ সিনেমা জেলেপড়ার জীবনের সত্যিকারের গল্প নিয়ে তৈরি করা হয়েছে বলে জানান ফারজানা ছবি। সিনেমায় দেখা যাবে, তাঁর স্বামী ট্রলারে মাছ ধরার কাজ করত। একদিন মাঝনদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হাতে মারা যায় সে। স্বামীর নেওয়া সুদের টাকা পরিশোধ করতে না পারায় জেলেপল্লি থেকে রিজিয়াকে (ছবির চরিত্রের নাম) ভিটেছাড়া করা হয়। ছবি বলেন, ‘আমি যে চরিত্রে অভিনয় করেছি, তা কিন্তু জেলেপাড়ার সত্যিকারের ঘটনা। এ ধরনের ঘটনা ওদের জীবনে অহরহই ঘটে। ভিটে থেকে বের করে দেওয়ার পর আমি মাঝনদীতে নৌকায় থাকা শুরু করি। ৩৫ দিনের বাচ্চা কোলে নিয়ে নৌকায় জাল ফেলা, মাছ ধরা থেকে শুরু করে জীবনের তাগিদে সবই করেছি। অভিনয়জীবনের একেবারে অন্য রকম অভিজ্ঞতা।’
পরিচালক মোহাম্মদ হোসেন জেমী তাঁর নতুন সিনেমায় ফারজানা ছবির সঙ্গে কাজ করে খুব খুশি। গতকাল রোববার সন্ধ্যায় প্রযোজক সমিতি কার্যালয়ে বসে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, ‘রিজিয়া চরিত্রের জন্য একজন অভিনয়শিল্পী খুঁজছিলাম, যিনি মন দিয়ে কাজটা করবেন। কথা হয় ছবির সঙ্গে। কথাবার্তায় মনে হয়েছিল, তিনি কাজটি মন দিয়ে করবেন। কাজ করতে গিয়ে তা আবারও উপলব্ধি করলাম। চরিত্রের প্রতি তাঁরা ভালোবাসা দেখে আমি অভিভূত।’
জেমী জানান, ‘নদী কাব্য’ সিনেমার জন্য ৩৫ দিনের একটি শিশুর মা হতে হয়েছে ফারজানা ছবিকে। এই শিশু ছবির কোলে কখনো প্রস্রাব-পায়খানা করছে, আবার কখনো গায়ে বমি করছে, কিন্তু কোনো কিছুতে তাঁকে একবারের জন্য বিরক্ত হতে দেখেননি। চরিত্রের গভীরে ঢোকার যে ব্যাপার, এটা তাঁকে অনেক বেশি মুগ্ধ করেছে। জেমী বলেন, ‘তিনি আমার চাওয়ার চেয়ে অনেক বেশি ভালো অভিনয় করেছেন। আমি একটা কথাই বলব, তিনি অনেক ভালো একজন অভিনয়শিল্পী।’
৬০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় ফারজানা ছবি ছাড়া অন্য অভিনয়শিল্পীরা হলেন আমান রেজা, আমির সিরাজী, রেহানা জলি প্রমুখ। এ ছাড়া কাজ করেছে মানিকগঞ্জের শিবালয় থানার দক্ষিণ তেওতা গ্রামের অনেক নারী-পুরুষ এবং পিদিম থিয়েটারের বেশ কিছু কিশোর-কিশোরী। বিএফডিসির কারিগরি সহায়তায় ‘নদী কাব্য’ স্বল্পদৈর্ঘ্য সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।