
পটুয়াখালীর শেখ রাসেল শিশুপার্কে শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের পঁয়ত্রিশতম বার্ষিক অধিবেশন। এবার এ অধিবেশনে সংযোজন করা হয়েছে মুকুন্দ দাসের গান, ছায়ানটের গীতি-আলেখ্য, কণ্ঠশীলন-এর কাব্য-আলেখ্য ও নৃত্যনন্দন-এর রবীন্দ্র নৃত্যনাট্য চণ্ডালিকা পরিবেশনা। এ ছাড়া থাকবে পঞ্চকবির গান এবং লোকসংগীত। ১১ থেকে ১৩ মার্চ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এতে যোগ দেবেন শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠকেরা।
অধিবেশন উপলক্ষে প্রতি সন্ধ্যায় থাকবে গুণীজনের সুবচন ‘রবিরশ্মি’, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান। সকালের অধিবেশনে ‘শিক্ষা-চিন্তক ও শিক্ষা-কর্মী রবীন্দ্রনাথ: সমকালীন তাৎপর্য’ নিয়ে থাকবে সেমিনার। এ বিষয়ে মূল প্রবন্ধটি লিখেছেন মফিদুল হক। অধিবেশনের তৃতীয় দিন সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে।
গতকাল সোমবার সকালে ছায়ানট ভবনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি সন্জীদা খাতুন বলেন, ‘রবীন্দ্রসংস্কৃতি নিয়ে কে কী ভাবছে, আমাদের সম্মেলনের মাধ্যমে সেই ভাবনাগুলোর বিনিময় হয়। আমরা রবীন্দ্রসংস্কৃতিকে সবার কাছে তুলে ধরতে চাই। আমরা যদি মানুষকে সম্প্রীতির বোধে ফিরিয়ে আনতে পারি, তবে প্রতিষ্ঠানটি সার্থকতা পাবে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। তিনি জানান, ১১ মার্চ, শুক্রবার বিকেল সাড়ে চারটায় সম্মেলনের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। এ বছর রবীন্দ্রপদক দিয়ে সম্মাননা জানানো হবে শিল্পী ও শিক্ষক নির্মল কুমার দাশগুপ্তকে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি আ ব ম নুরুল আনোয়ার, কোষাধ্যক্ষ লিলি ইসলাম, বুলবুল ইসলাম প্রমুখ।