৩৫তম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের হিউজটনে অনুষ্ঠিত হবে ৩৫তম উত্তর আমেরিকান বঙ্গ সম্মেলন। সেই সম্মেলনের সূচনা হলো বাংলাদেশে। গতকাল মঙ্গলবার শীতের বিকেল ও সন্ধ্যাজুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে হয়ে গেল ঢাকা প্রাক-উৎসব। বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্প প্রদর্শনীর সঙ্গে নৃত্য-গীত ও আবৃত্তির বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে সাজানো হয় উৎসব।
দুই পর্বে সাজানো হয় উৎসব। বিকেলের পর্বে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ছিল উৎসবের উদ্বোধনী আনুষ্ঠানিকতা। একাডেমির ঐতিহাসিক বর্ধমান হাউসের পশ্চিম পাশে পুকুরপাড়ের ছোট মঞ্চে লোকজ আঙ্গিকে লোকসংগীত পরিবেশন করেন শ্যামল পাল ও দিলবাহার। তাঁদের কণ্ঠে শোনা গেল ‘ভাটির গাঙ্গে নাইয়া’, ‘দীনবন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া’, ‘সুজন বন্ধু কোনবা দেশে থাক’সহ আরও অনেক গান। এর আগে উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ভারতের প্রস্তুতি কমিটির সমন্বয়ক সত্যম রায় চৌধুরী, উত্তর আমেরিকান বঙ্গ সম্মেলনের সভাপতি শঙ্কু বোস।
সভাপতিত্ব করেন এ এস এম শামসুল আরেফিন। এই পর্বে আনিসুজ্জামান বলেন, ‘বঙ্গ সম্মেলন বাঙালিদের একটি বড় ধরনের উৎসব। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী মানুষদের সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয় এই সম্মেলন।’ শামসুজ্জামান খান বলেন, ‘প্রতিবারের মতো এবারও বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে বঙ্গ সম্মেলনটি আরও সুন্দর ও বর্ণাঢ্যময় হয়ে উঠবে।’
সন্ধ্যার পর একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বসেছিল উৎসবের দ্বিতীয় পর্ব। আলোচনা সভার পরে বুলবুল ইসলাম পরিবেশন করেন ‘এ মনিহার নাহি সাজে’সহ তিনটি গান। শারমীন সাথী ইসলাম গাইলেন ‘আমায় আপনার চেয়ে’সহ তিনটি গান। আরও সংগীত পরিবেশন করেন ইলোরা আহমেদ শুক্লা, অদিতি মহসিন।
বিনোদিনী, যৈবতী কন্যার মন, হাতহদাই ও চাকা—এই চারটি মঞ্চনাটকের নাট্যগীত ও সংলাপ পরিবেশন করেন শিমূল ইউসুফ। নৃত্য পরিবেশন করেন পশ্চিমবঙ্গের শিল্পী দেবলীনা কুমার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কমিটির সদস্যসচিব হাসান আরিফ।