৩৬৫টি দিনই থিয়েটার নিয়ে কাজের চেষ্টা করি

পাঁচ প্রশ্ন: সম্প্রতি শেষ হলো প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘১০ বছর পূর্তি নাট্যোৎসব’। নিজ দলের আটটি প্রযোজনা নিয়ে গত ২৫ নভেম্বর আট দিনের উৎসবটির উদ্বোধন হয় শিল্পকলার জাতীয় নাট্যশালায়। উৎসব কমিটির আহ্বায়ক ছিলেন নূনা আফরোজ। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন
ঢাকার নাট্যোৎসবগুলোতে সাধারণত বৈচিত্র্য থাকে। বিভিন্ন দলের নাটক মঞ্চস্থ হয়। কিন্তু শুধু নিজ দলের নাটক নিয়ে এই উৎসব কেন?
নিজ দলের আটটি নাটক নিয়ে টানা উৎসব এটাই বড় বৈচিত্র্য বলে মনে করছি। আটটি নাটক সারা বছর নিয়মিতই মঞ্চায়ন করে আসা, সেই নাটকগুলো নিয়েই উৎসব। আমি মনে করি, প্রাঙ্গণেমোর নাট্যদল এই বিষয়টিকে অনেক বড় করে দেখছে। এর আগে আমরা সেই অর্থে বর্ষপূর্তি উৎসব করিনি। ১০ বছর পূর্তিতে ভিন্ন কিছু একটা করতে চেয়েছি।
১০ বছরে দলের অর্জন কী?
আটটি প্রযোজনা করেছি। নিয়মিতই আটটি নাটক টানা ১৮৮টি রজনী মঞ্চস্থ হয়েছে। ১০ বছরে দল থেকে ১০টি কর্মশালা করে ১০টি নতুন ব্যাচ কাজ করছে দলে। শান্তিনিকেতনে শেষের কবিতা নাটক নিয়ে আমরা প্রথম বাংলাদেশের কোনো দল হিসেবে নাটক মঞ্চস্থ করেছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা নাটক করেছি। মুম্বাইতেও নাটক মঞ্চস্থ করেছি। বছরের প্রায় ৩৬৫টি দিনই থিয়েটার নিয়ে কাজের চেষ্টা করি।
উৎসব নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন ছিল?
আমি আগেই বলে নিই দলের আটটি প্রযোজনাই দর্শকনন্দিত। ফলে দলের প্রথম প্রযোজনা থেকে সবগুলো নাটক সারা বছর পর্যায়ক্রমে মঞ্চস্থ করে আসার সাহস পেয়েছি। উৎসবে আমাদের নাটক দেখতে দর্শক হয়েছে। প্রতিদিনই নাটক শুরুর আগে মিলনায়তন দর্শকে পূর্ণ হয়ে গেছে।
প্রাঙ্গণেমোরের বন্ধু সদস্য সংগ্রহের বিষয়টি আসলে কী?
থিয়েটারে দর্শক তৈরি লক্ষ্যেই এই আয়োজন আমাদের। প্রতিবছরই আমরা আলদা করে বন্ধু সদস্য সংগ্রহ করি। শুরুর বছর আমাদের বন্ধু সদস্যের প্রথম আবেদনপত্রটি পূরণ করেছেন মুহম্মদ জাফর ইকবাল। বর্তমান আজীবন বন্ধু সদস্য ১৩ জন। এ বছর বন্ধু সদস্য হয়েছেন ১৩৩ জন। বন্ধু সদস্যরা প্রতি বছর ১০০০ টাকা করে চাঁদা দেন। বিনিময়ে একটি করে আইডি কার্ড পান। সেই কার্ডটি দেখিয়ে সারা বছর প্রাঙ্গণেমোর দলের সব নাটক টিকিট ছাড়া দেখার সুযোগ থাকে।
আবার কবে নির্দেশনা দিচ্ছেন?
এ বছর তো দল থেকে ঈর্ষা মঞ্চে এসেছে। আগামী বছরের কাজটি আমি করব। বছরের মধ্যভাগে নির্দেশনার কাজটি করার ইচ্ছা আছে। দল থেকে সিদ্ধান্ত হয়েছে এবারও রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নিয়ে কাজ করার। নাটক নির্বাচনের কাজ চলছে।