৩৭ বছর পর টিভি নাটকে নির্মলেন্দু গুণ
৩৭ বছর পর আবার টিভি নাটকে অভিনয় করছেন কবি নির্মলেন্দু গুণ। এই ধারাবাহিক নাটকটির নাম তোর জন্য প্রিয়তা। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন আফজাল হোসেন মুন্না।আজ বুধবার দুপুরে ধানমন্ডি এলাকায় শুটিংয়ে অংশ নেন নির্মলেন্দু গুণ। অনেক দিন পর নাটকে অভিনয় করার অনুভূতি জানাতে গিয়ে নির্মলেন্দু গুণ বললেন, ‘এ আর নতুন কী! এখন তো টিভিতে টকশো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে প্রায় নিয়মিতই যেতে হয়। নাটকে অভিনয়টা আলাদা কিছু মনে হচ্ছে না।’নাটকে অন্য একটি চরিত্রে অভিনয় করছেন পার্থ বড়ুয়া। আছেন মিথিলাও।নির্মলেন্দু গুণ জানান, টিভি নাটকে তিনি প্রথম অভিনয় করেছিলেন ১৯৭১ সালে। ১২ জানুয়ারি বিটিভিতে দেখানো হয়েছিল নাটকটি। নাম আপন দলের মানুষ। কবি নির্মলেন্দু গুণকে বিটিভির নাটকে সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৭৩ সালে। মামুনুর রশীদের লেখা নাটকটির নাম রবিনহুড এই শহরে। প্রযোজনা করেছিলেন আবদুল্লাহ আল-মামুন।