৩৭ বছর পর...
কবি নির্মলেন্দু গুণকে বিটিভির নাটকে সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৭৩ সালে। মামুনুর রশীদের লেখা নাটকটির নাম রবিনহুড এই শহরে। প্রযোজনা করেছিলেন আবদুল্লাহ আল-মামুন। নির্মলেন্দু গুণ বললেন, ‘ওই নাটকে আমি একজন ফকিরের চরিত্রে অভিনয় করেছিলাম। তেমন বড় কিছু নয়। কিন্তু সব মিলিয়ে আজকে মনে হচ্ছে, ব্যাপারটি উল্লেখযোগ্য ছিল।’৩৭ বছর পর আবার টিভি নাটকে অভিনয় করছেন নির্মলেন্দু গুণ। এই ধারাবাহিক নাটকটির নাম তোর জন্য প্রিয়তা। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আফজাল হোসেন মুন্না। গতকাল বুধবার দুপুরে ধানমন্ডির চারুলতায় শুটিংয়ে অংশ নিলেন নির্মলেন্দু গুণ। শুটিংয়ের ফাঁকে তিনি বললেন, ‘আমি তো নাটকের মানুষ না। অনেকটা অনাগ্রহ থেকেই রাজি হতে হয়েছে। যাঁরা এর সঙ্গে যুক্ত আছেন, তাঁরা এমনভাবে ধরেছেন যে শেষ পর্যন্ত আর না করতে পারিনি।’পরিচালক জানান, ছোট বোন প্রিয়তাকে প্রচণ্ড ভালোবাসে ভাইটি। বোনের জন্য সে সবকিছু করতে পারে। মেয়েটি নির্মলেন্দু গুণের কবিতার দারুণ ভক্ত। তাই বোনকে চমকে দিতে জন্মদিনের উপহার হিসেবে বাসায় নির্মলেন্দু গুণকে নিয়ে আসে সে।নাটকে অভিনয় করার অনুভূতি জানাতে গিয়ে নির্মলেন্দু গুণ বললেন, ‘এ আর নতুন কি! এখন তো টিভিতে টক শো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে প্রায় নিয়মিতই যেতে হয়। নাটকে অভিনয়টা আলাদা কিছু মনে হচ্ছে না।’নাটকে ভাইয়ের চরিত্রটিতে অভিনয় করছেন পার্থ বড়ুয়া আর বোন মিথিলা।নির্মলেন্দু গুণ জানান, টিভি নাটকে তিনি প্রথম অভিনয় করেছিলেন ১৯৭১ সালে। ১২ জানুয়ারি বিটিভিতে দেখানো হয়েছিল নাটকটি। নাম আপন দলের মানুষ। তিনি বললেন, ‘ওই নাটকে আমি ছিলাম নায়ক। আমার বিপরীতে অভিনয় করেছিলেন ডলি আনোয়ার। ওই সময়ের বাস্তব অবস্থা তুলে ধরা হয়েছিল নাটকের গল্পে। পাশাপাশি রাজপথে আন্দোলনের কিছু ফুটেজও ছিল।’