৩৭ শিশু পাচ্ছে নতুন পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকশী কাঁথার মাঠ নাটকের একটি দৃশ্য
নকশী কাঁথার মাঠ নাটকের একটি দৃশ্য

গত বছর থেকে এই আয়োজন শুরু হয়েছে। বুনন থিয়েটারের পরিকল্পনায় ছিল কোরবানির ঈদের আগে মঞ্চস্থ হবে ‘নক্সী কাঁথার মাঠ’। সেই প্রদর্শনী থেকে পাওয়া টাকায় কেনা হবে যৌনকর্মীদের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পোশাক। সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে আজ সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে হলো ঘাটু গানের আঙ্গিকে নাটকটির বিশেষ প্রদর্শনী।
বুনন থিয়েটারের প্রতিষ্ঠাতা আনন জামান জানান, ‘প্রদর্শনীর টাকা দিয়ে বিভিন্ন যৌনপল্লীর ৩৭ জন সুবিধাবঞ্চিত শিশুর পোশাক কেনা হবে। বিভিন্ন যৌনপল্লী থেকে এই শিশুদের এনে একটি বাড়িতে রাখা হয়েছে। তারা যেন স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, সে চেষ্টা চলছে। ঈদের দুই দিন পর নন্দন পার্কে তাঁদের জন্য একটি আনন্দভ্রমণেরও ব্যবস্থা করা হবে।’
ঢাকার আদাবরে একটি বাসা ভাড়া নিয়ে এ শিশুদের লালন-পালন করেন হাজেরা খাতুন। বুনন থিয়েটার প্রতিবছর সম্মানিত করেন এই পালক মাতাকেও।
পল্লীকবি জসীমউদদীন রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান। তিনি বলেন, ‘এর আগেও এই শিশুদের জন্য আনন্দভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। ওদেরকে একদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেড়াতে নিয়ে গিয়েছিলাম। সেখানকার কয়েকজন শিক্ষক ওই শিশুদের কাউন্সিলিং করেছে।’
আজকের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, ঝুনা চৌধুরী, আখতারুজ্জামান, অনন্ত হীরা, নূনা আফরোজ, কামরুল ইসলাম, মো. রমজান আলী প্রমুখ।
নাটকটিতে অভিনয় করেছেন অমৃতাভ মিহির, শুভনন্দ করিম, তুষার কান্তি দে, দিদারুল দিপু, শাহ তুষার, আবু ফাহিম, রাতমনি, ললিত মৌসুম, শ্রাবন্তী লিজা, বুলবুল আহমেদ, পাপ্পু, সজীব, উজ্জ্বল, শম্পা রাজবংশী, ইমতিল ইমু, জসিম।