৩৯ বছর পর বেতারে মামুনুর রশীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৩৯ বছর পর বাংলাদেশ বেতারের নাটকে অভিনয় করলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। ১৯৭২ সালে শহীদ মুনীর চৌধুরীর ‘কবরে’র বেতার সংস্করণে তিনি অভিনয় করেছিলেন। সম্প্রতি তিনি আবার বাংলাদেশ বেতারের একটি নাটকের রেকর্ডিংয়ে অংশ নেন। ‘পারুলের সংসার’ নামের এই ধারাবাহিকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।বেতারে অভিনয় প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘সেই বাহাত্তর সালে মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকে অভিনয় করেছিলাম এই বেতারে এসে। অনেক দিন পর আবারও এলাম। ভালোই লাগল। বেতারের বিষয়টি তো আমরা ভুলতেই বসেছি। এবার এসে অনেক স্মৃতিকাতর হয়ে পড়েছি। ভাবছি, এবার থেকে যথাযথ নিমন্ত্রণ পেলে বেতারে আবারও নিয়মিত হব।’বেতার অভিনয়ে দীর্ঘ বিরতির ব্যাপারে মামুনুর রশীদ বলেন, ‘মূলত টেলিভিশন নাটকের ব্যস্ততার কারণেই বেতারে আসা হয়নি। নাট্যদল আরণ্যক, অভিনয়, নাটক নির্মাণ—সব মিলিয়ে বেতারের জন্য সময় বের করা হয়নি। এর পাশাপাশি শিল্পী সম্মানীও ছিল একটা ব্যাপার। এ ছাড়া বেতারের প্রতি এক ধরনের ক্ষোভও ছিল।’বেতারে শিল্পীদের দেওয়া সম্মানী সম্পর্কে এই গুণী অভিনেতা বলেন, ‘এত দিন বেতারে শিল্পী সম্মানী ছিল খুবই অপ্রতুল, একেবারে অনুল্লেখযোগ্য। এখন কিছুটা বেড়েছে সত্যি, তবে সময়ের বিচারে তাও কম। বিষয়টি বেতার কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত। তবেই এখানে শিল্পীদের অংশগ্রহণ বাড়বে।’জানা যায়, মামুনুর রশিদ অভিনীত ‘পারুলের সংসার’ জনসচেতনতামূলক একটি ধারাবাহিক নাটক।