৪ জুন থেকে অডিওতে ‘আহ্বান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউজিক স্টেশন এবং রেডিওর পর এবার সবাইকে অডিও সিডিতে (নকল নয়) গানগুলো শুনতে বললেন এ সময়ের জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ। নিজের তৃতীয় একক অ্যালবাম ‘আহ্বান’-এর গানগুলো শোনার জন্য এভাবেই ভক্ত ও শ্রোতাদের কাছে অনুরোধ জানালেন হাবিব। আহ্বান অ্যালবামটির অডিও সিডি আগামী বুধবার প্রকাশিত হবে। তবে অ্যালবামটি বাজারে ছাড়া হবে ৪ জুন থেকে। ডেডলাইন মিউজিক এটি বাজারজাত করছে। হাবিবের আহ্বান অ্যালবামটি গত ২৯ এপ্রিল মুঠোফোনে মুক্তি পায়। এরপর রেডিওতে অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশনা হয়। এবার এটি সব শ্রোতা ও দর্শকের হাতের নাগালে আসছে। হাবিব জানান, শুনেছি ২৯ এপ্রিল বাংলালিংকের মিউজিক স্টেশনে প্রকাশের পর প্রথম কয়েক দিনে প্রায় ১০ লাখ শ্রোতা গানগুলো শুনেছে। এরপর যখন রেডিওতে কয়েক দফা অ্যালবামটির প্রকাশনা হলো তখনো বেশ আগ্রহ লক্ষ করেছি সবার কাছে। হাবিব আরও বলেন, ‘অ্যালবামটি মুঠোফোনে প্রকাশের পর মনের মধ্যে এক ধরনের অতৃপ্তি ছিল। তবে মুঠোফোনে অ্যালবাম প্রকাশের ভাবনাটি কিন্তু দারুণ হয়েছে। এরপর রেডিওতে প্রকাশের মধ্য দিয়ে অ্যালবামটির ব্যাপারে সবার চাহিদাটাও টের পেয়েছিলাম। এ ছাড়া তখন সবার সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি নতুন গানগুলো সবাইকে শোনাতে পেরেও ভালো লেগেছে। এবার সবার হাতে সিডিটি তুলে দিতে পারব বলে খুবই ভালো লাগছে।’ আহ্বান অ্যালবামে গান রয়েছে নয়টি। এসব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব। গানগুলোর কথা লিখেছেন ফেরদৌস ওয়াহিদ, সাকি আহমেদ, ইলিয়াস মোল্লা, মাহবুব মহসিন ও সুস্মিতা বিশ্বাস। রয়েছে তিনটি দ্বৈত কণ্ঠের গান। দুটি গানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, তৃতীয়টিতে কণা। অ্যালবামে হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদের গাওয়া গানও রয়েছে।