৪ লাখ বর্গফুট জায়গাজুড়ে বসবে এবারের বইমেলা

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে বসবে এবারের অমর একুশে বইমেলা। বরাবরের মতো ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে মাসের শেষ দিন পর্যন্ত। একইসঙ্গে ‘সম্প্রীতির জন্য সাহিত্য’ শীর্ষক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মেলাকে ঘিরে বছরজুড়ে নীরব বাংলা একাডেমি প্রাঙ্গণ এখন কর্ম চঞ্চলতায় মুখর। একই দৃশ্য মেলার অপর প্রান্ত সোহরাওয়ার্দী উদ্যানেও। একাডেমি প্রাঙ্গণে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা আর উদ্যানে সৃজনশীল প্রকাশনা সংস্থার ঠাঁই হয়েছে।
আজ সোমবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। যাতে একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান গ্রন্থমেলার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মেলার সার্বিক বিষয় উপস্থাপন করেন মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রন্থমেলার ব্যবস্থাপনা সহযোগী প্রতিষ্ঠান নিরাপদ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম এবং নিরাপদ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিরাজুল মঈন।

এবার উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে থাকবেন চীনের গবেষক ও রবীন্দ্র-অনুবাদক ডং ইউ চেন, অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, পুয়ের্তোরিকোর লুস মারিয়া লোপেজ, ভারতের চিন্ময় গুহ। এ অনুষ্ঠানে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর হাতে বাংলা একাডেমি প্রকাশিত মীর মশাররফ হোসেনের অমর সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’র অনুবাদ ‘ওশান অব সরো’ এবং জার্মানি থেকে প্রকাশিত ‘হান্ড্রেড পোয়েমস ফ্রম বাংলাদেশ’ তুলে দেওয়া হবে।
জালাল আহমেদ জানান, এবারের মেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং একাডেমি সম্মুখের সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় চার লাখ বর্গফুট জায়গায়। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশকে ১২টি চত্বরে সাজানো হয়েছে। একাডেমি প্রাঙ্গণে ৮০টি প্রতিষ্ঠানকে ১১৪টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩২৯টি প্রতিষ্ঠানকে ৫৪৯টি ইউনিট; মোট ৪০৯টি প্রতিষ্ঠানকে ৬৬৩টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ১৫টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার বর্গফুট আয়তনের ১৫টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। ১০০টি লিটল ম্যাগাজিনকে বর্ধমান হাউসের দক্ষিণ পাশে লিটল ম্যাগাজিন কর্নারে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
মেলায় বাংলা একাডেমি প্রকাশিত বই ৩০% কমিশনে এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫% কমিশনে বই বিক্রি করবে।
এবার মেলার সময়সূচি বেড়েছে। প্রতিদিন মেলা শুরু হবে বেলা তিনটায়। চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে বেলা ১টা শিশুপ্রহর হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।
সোহরাওয়ার্দী উদ্যানের নতুন বিন্যাসে এবারের অধিকাংশ স্টল পূর্ব থেকে পশ্চিম দিকে আনা হয়েছে। টিএসসি ও দোয়েল চত্বরের মূল প্রবেশপথে এলইডি মনিটর স্থাপিত থাকবে। এখান থেকে মেলা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য বা নির্দেশনা পাওয়া যাবে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘নতুন বইয়ের প্রদর্শনশালা’ করা হয়েছে। এতে প্রতিদিন প্রকাশিত নতুন বই দিনভিত্তিক সাজানো থাকবে।
সোহরাওয়ার্দী উদ্যান অংশে পর্যটন করপোরেশনের ১টি ক্যানটিন এবং বাংলা একাডেমি অংশে পর্যটন করপোরেশনের ১টিসহ ২টি ক্যানটিন চালু থাকবে। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে স্টলগুলোতে টিনের ছাউনি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে পর্যাপ্ত মাটি ফেলে জমি ভরাট করা হয়েছে। প্রায় ৮০ হাজার বর্গফুট এলাকায় ইট ও বালু দিয়ে অস্থায়ী রাস্তা/উন্মুক্ত প্রান্তর নির্মাণ করা হয়েছে।