৪ সেপ্টেম্বর আসছে 'জালালের গল্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালালের গল্প ছবির দৃশ্য
জালালের গল্প ছবির দৃশ্য

দেশের বাইরের বেশ কয়েকটি উৎসবে দেখানো হয়েছে আবু শাহেদ ইমনের ছবি জালালের গল্প। প্রশংসিত হয়েছে দেশের বাইরের দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের কাছেও। পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে তো জালালের গল্প সেরা ছবি নির্বাচিত হয়েছে। একই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন মোশাররফ করিম। দেশের যে ছবিটি বাইরের দেশে প্রশংসিত হচ্ছে ও পুরস্কার অর্জন করছে, সেই ছবিটি এখন পর্যন্ত দেশের দর্শকেরাই দেখার সুযোগ পাননি। তবে এবার সেই সুযোগ মিলছে। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে জালালের গল্প।
প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম আগামী ৪ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে। প্রথম আলোর সঙ্গে আলাপে ছবি মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন পরিচালক নিজে।
প্রথম পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে জেনে বেশ আনন্দিত ইমন। বললেন, ‘এটা ঠিক যে দেশের বাইরে অনেক উৎসবে জালালের গল্প প্রশংসিত হয়েছে। পুরস্কার নিয়ে এসেছে। শেষ পর্যন্ত দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার আনন্দ প্রকাশের ভাষা আমার নেই। যতই আমি আন্তর্জাতিক স্বীকৃতি পাই না কেন, দেশের মানুষের স্বীকৃতি সবচেয়ে বড়।’
সপ্তাহ দুয়েক দেশের বাইরে থেকে গত সোমবার দেশে ফিরেছেন মোশাররফ করিম। জালালের গল্প নিয়ে তিনি বললেন, ‘সত্যিই অনেক বেশি আনন্দের সংবাদ। আমার বিশ্বাস, দেশের বাইরের দর্শকদের যে ছবিটি স্পর্শ করেছে, তা নিঃসন্দেহে বাংলাদেশের দর্শকদেরও স্পর্শ করবে।’
জালালের গল্প ছবিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মৌসুমী হামিদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস, মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান।