৪০ দিনের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন কুমার বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ

৪০ দিনের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন দেশের প্রখ্যাত গায়ক ও সুরকার কুমার বিশ্বজিৎ। ২৯ জুন ঢাকা ছাড়বেন তিনি। এই সফরে তাঁর সঙ্গে থাকছেন স্ত্রী নাইমা সুলতানা ও ছেলে নিবিড়। কোনো কনসার্ট বা শোতে অংশ নেওয়ার জন্য নয়, স্রেফ বেড়ানোর জন্যই কুমার বিশ্বজিতের এই যুক্তরাষ্ট্র সফর।
এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘স্ত্রী এবং ছেলেকে অনেক দিন ধরে বলে আসছিলাম যুক্তরাষ্ট্রে নিয়ে যাব। আমি নিজেও এখন একটু ফ্রি আছি। সব মিলিয়ে মনে হলো, এখনই উপযুক্ত সময়। যুক্তরাষ্ট্র গিয়ে ইচ্ছামতো খাব, ঘুমাব, জগিং করব আর স্ত্রী-সন্তানকে নিয়ে দর্শনীয় স্থান পরিদর্শন করব।’
কুমার বিশ্বজিৎ আরও বলেন, ‘ওয়াশিংটন ডিসি, হাওয়াই, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্কসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাজ্য সফরে গিয়েছিলাম। এ ছাড়া মার্চে যুক্তরাষ্ট্রে, এপ্রিলে ইউরোপে এবং জুনে রাশিয়া সফরেও গিয়েছি আমি। ঘন ঘন বিদেশ ভ্রমণ ও প্রচণ্ড ব্যস্ততার কারণে পরিবারকে একদমই সময় দিতে পারিনি। এবার তাঁদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে অবকাশযাপনে যাচ্ছি।’
এদিকে সম্প্রতি বৈশাখী টেলিভিশনের ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানের ঈদের বিশেষ পর্বের শুটিংয়ে অংশ নেন কুমার বিশ্বজিত্। একক এ অনুষ্ঠানে নিজের গাওয়া জনপ্রিয় এবং নতুন গান গাওয়ার পাশাপাশি সংগীত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।