বেতার, টিভি ও মঞ্চে ৪০ বছর ধরে গান করছেন তিমির নন্দী। গান করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। বেরিয়েছে অডিও অ্যালবামও। দেশের বাইরে সংগীতের ওপর উচ্চতর পড়াশোনা করেছেন। ৪০ বছর পূর্তি উপলক্ষে আজ তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে আমরা সূর্যমুখী সংগঠন। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে অনুষ্ঠান। কথা হলো তিমির নন্দীর সঙ্গে।অনেকক্ষণ ধরে মুঠোফোনে চেষ্টা করছি। খুব ব্যস্ত নাকি?হ্যাঁ, ক্লাস নিচ্ছিলাম। আমার কাছে কিছু ছেলেমেয়ে পিয়ানো শেখে। ওরা লন্ডনের ট্রিনিটি কলেজে পিয়ানোর ওপর তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষা দেবে। বিভিন্ন মাধ্যমে সংগীত পরিবেশনের ৪০ বছর পূর্তি হয়েছে। এর শুরুটা কীভাবে হয়েছিল?১৯৬৯ সালে পূর্ব পাকিস্তান সংগীত প্রতিযোগিতায় আমি আধুনিক গানে প্রথম এবং পল্লিগীতিতে দ্বিতীয় হয়েছিলাম। এর পরই বেতার ও টিভি থেকে আমাকে গান করার জন্য আমন্ত্রণ জানানো হয়। তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র। সেই থেকে শুরু। এখনো গানের সঙ্গেই আছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলাম। মাঝে তো অনেক দিন আপনি দেশের বাইরে ছিলেন।১৯৭৩ সালে সংগীতের ওপর উচ্চতর পড়াশোনা করার জন্য বৃত্তি নিয়ে রাশিয়া যাই। সেখানে স্থানীয় বেতার ও টিভিতে গান করতাম। রুশ, স্প্যানিশ, ইংরেজি ও বাংলা ভাষায় অনেক গান করেছি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। স্টাফ নোটেশনের ওপর দক্ষ আমি। দেশে ফিরে আসি ১৯৮৩ সালে। এরপর সাত-আট বছর তেমন ভালো কোনো সুযোগই পাইনি। কারণ, এখানে স্টাফ নোটেশনের তেমন চর্চা নেই। ১৯৯০ সাল থেকে আমি গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে আছি। এখানে ছেলেমেয়েদের গান শেখানোর পাশাপাশি স্টাফ নোটেশনের চর্চাটা হচ্ছে। এ ছাড়া ইদানীং ইউডাতেও স্টাফ নোটেশন শেখাচ্ছি।আজকের অনুষ্ঠানে কী ধরনের গান করবেন?রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক, আধুনিক ও হারানো দিনের গান করব। তবে রুশ ও স্প্যানিশ ভাষার গান করার ইচ্ছা আছে। আমার মেয়ে হূদিও দু-একটা গান করবে।