৪০ বছর পর প্রথম একক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী সিদ্ধার্থ তালুকদারের একক প্রদর্শনী দেখছেন শিল্পী নিসার হোসেন, শিল্পী রফিকুন নবী l ছবি: প্রথম আলো
আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী সিদ্ধার্থ তালুকদারের একক প্রদর্শনী দেখছেন শিল্পী নিসার হোসেন, শিল্পী রফিকুন নবী l ছবি: প্রথম আলো

৪০ বছর ধরে চারুকলার সঙ্গে জড়িত তিনি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এবারই প্রথম ‘আত্মপ্রকাশ’ নামে একক প্রদর্শনী করলেন শিল্পী সিদ্ধার্থ তালুকদার।

গতকাল শুক্রবার বিকেলে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনী শুরু হয়। চলবে ১৮ মার্চ পর্যন্ত। শিল্পী ছবিগুলো এঁকেছেন তেলরং, জলরং, অ্যাক্রিলিক, প্যাস্টেল ও মিশ্র মাধ্যমে। বিমূর্ত ধারার এসব ছবির বিষয় প্রকৃতি ও মানুষ।

উদ্বোধক শিল্পী রফিকুন নবী বলেন, শিল্পী বেশ প্রস্তুতি নিয়ে একক প্রদর্শনী করেছেন। প্রদর্শনী সামনে রেখে দীর্ঘদিন ধরে কাজ করা এবং সেগুলো সংরক্ষণ কঠিন একটি কাজ। সিদ্ধার্থ সে কাজটি করেছেন। তাঁর ছবিগুলো ভালো লেগেছে। বিশেষ করে রঙের ব্যবহারের ক্ষেত্রে তিনি বেশ সাহসী কাজ করেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ, শিল্পী নিসার হোসেন। স্বাগত বক্তব্য দেন আলিয়ঁসের পরিচালক ব্রুনো প্লাস।