৪০ বছর পর বগুড়ার মঞ্চে গাইলেন এন্ড্রু কিশোর

‘আমার সারা দেহ খেয়ো গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়ো না’ গানের প্রথম অন্তরা গাইতে গাইতে সাজঘর থেকে মঞ্চে উঠলেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। মঞ্চে উঠেই বললেন, ‘এই বগুড়া শহরে দুবার মঞ্চে গাইতে এসেছি। তবে সত্তর দশকের পর আর আসা হয়নি। দীর্ঘদিন পর বগুড়ার মঞ্চে গান গাইতে এসেছি। এত দিন পরে বগুড়ায় এসেও ভালো লাগছে।’
এন্ড্রু কিশোর একে একে গেয়ে শোনান ‘হায়রে মানুষ, রঙিন ফানুস’; ‘পড়ে না চোখের পলক, কী তোমার রূপের ঝলক’; ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’সহ তাঁর জনপ্রিয় ও কালজয়ী বেশ কিছু গান। এন্ড্রু কিশোরের সঙ্গে দ্বৈতে সুরের জাদুতে দর্শক-শ্রোতা মাতান জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান।
সংগীতের এই জমকালো আসর বসেছিল গত শনিবার রাতে বগুড়ার পুলিশ লাইনস মাঠে। আয়োজক বগুড়া জেলা পুলিশ। রাত সাড়ে নয়টায় ‘মঙ্গল দ্বীপ জ্বালো’ দলীয় নৃত্যের মধ্য দিয়ে জমকালো এই সাংস্কৃতিক উত্সব শুরু হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সূচনা বক্তব্যে বলেন, আজকের এই বিপুল দর্শকের উপস্থিতি প্রমাণ করে সংস্কৃতির প্রতি বগুড়াবাসীর আবেগ-ভালোবাসা রয়েছে।
এরপর একে একে মঞ্চে উঠে সুরের মুগ্ধতায় দর্শক মাতান সেরা কণ্ঠের জনপ্রিয় শিল্পী কোনাল, দিনাত জাহান ও মম। মধ্য রাতে ক্লোজআপ তারকা রিংকু ‘ও সাথি, একবার এসো দেখে যাও, কত ভালো আছি’সহ পাঁচটি বিরহের গান গেয়ে সুরের মূর্ছনায় মুগ্ধ করেন দর্শকদের।
নৃত্য পরিবেশন করেন অভিনয়শিল্পী পপি ও রাহা তানহা খান, জায়েদ খান, তারিন ও ইভান শাহরিয়ার। কৌতুক নৃত্য পরিবেশন করেন রবিন খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারহানা নিশো।
এদিকে একই দিন নন্দিত কণ্ঠশিল্পী মো. খুরশিদ আলম, শওকত হায়াত খান ও খুদে শিল্পী জিৎ মহন্তকে সম্মাননা প্রদান করেছে ‘বিজয়-৭১’ নামে বগুড়ার একটি সংগঠন। শহরের দত্তবাড়ি এলাকায় পুরোনো শিল্পকলা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে পরে গুণী শিল্পীরা গান গেয়ে শোনান।
বগুড়া প্রতিনিধি