৪০ বছর পর সলিল চৌধুরীর ‘বাংলাদেশের মুক্তি আন্দোলনের গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সাল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি গীতিনাট্য লেখেন সলিল চৌধুরী। গীতিনাট্যের জন্য তৈরি করেন আটটি গান। ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ সালের নানা ঘটনা তিনি তুলে ধরেন এই গীতিনাট্যে। রেকর্ডও করা হয়। তারপর অজ্ঞাত কারণে রেকর্ডটি আর প্রকাশিত হয়নি। ৪০ বছর পর সেই গীতিনাট্যের অডিও অ্যালবাম প্রকাশিত হলো। নাম বাংলাদেশের মুক্তি আন্দোলনের গান। জানা গেছে, নেদারল্যান্ডস প্রবাসী ভারতীয় প্রযুক্তিবিদ গৌতম চৌধুরী কলকাতায় খুঁজে পান সলিল চৌধুরীর গীতিনাট্যের রেকর্ডটি। তা নিয়ে যান নেদারল্যান্ডসে। আধুনিক প্রযুক্তির সহযোগিতায় উদ্ধার করেন সলিল চৌধুরীর সেই ঐতিহাসিক রেকর্ড বাংলাদেশের মুক্তি আন্দোলনের গান। গৌতম চৌধুরী বলেন, ‘৪০ বছর আগের সেই রেকর্ডিং থেকে কিছু পাওয়া যাবে ভাবিনি। নেদারল্যান্ডস ফিরে স্টুডিওতে দিনরাত কাজ করেছি। অনেক ভাষ্য এবং গানের লাইন প্রায় হারিয়ে গিয়েছিল। সেগুলো উদ্ধার করে নতুনভাবে এ সময়ের শিল্পীদের দিয়ে রেকর্ডিং করেছি। এবার পূজার আগেই গীতিনাট্যের অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন।’গতকাল ৫ সেপ্টেম্বর ছিল সলিল চৌধুরীর প্রয়াণ দিবস। এ উপলক্ষে দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে আলোচনা ও সলিল চৌধুরীর সুরারোপিত গানের অনুষ্ঠান আয়োজন করা হয়।