৪০ বছরের 'ক্রনোলজি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিবের একক চিত্রপ্রদর্শনীতে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন। পাশে বসা গ্যালারি কায়ার কর্ণধার গৌতম চক্রবর্তী, শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও কাজী রকিব l ছবি: প্রথম আলো
কাজী রকিবের একক চিত্রপ্রদর্শনীতে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন। পাশে বসা গ্যালারি কায়ার কর্ণধার গৌতম চক্রবর্তী, শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও কাজী রকিব l ছবি: প্রথম আলো

ভাবা যায়, চা-পাতা কিংবা ফটোকপি মেশিন দিয়ে ছবি আঁকা সম্ভব? কাগজ, কাপড়, কাচের ওপর জলরং, তেলরং, পেনসিল, সাইন পেনসহ বিভিন্ন মাধ্যমে একই শিল্পীর অনায়াস যাতায়াত?
কিন্তু শুধু ভাবনা নয়, বাস্তবেই এর দেখা মিলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় গতকাল শুক্রবার শুরু হয়েছে শিল্পী কাজী রকিবের একক শিল্প প্রদর্শনী ‘ক্রনোলজি (১৯৭৫-২০১৫)’। গত ৪০ বছরে শিল্পীর করা ৭৫টি শিল্পকর্ম ঠাঁই পেয়েছে এতে।
শিক্ষক সমরজিৎ রায়চৌধুরীকে নিজের করা একটি কাচের শিল্পকর্ম দেখাতে দেখাতে সেটি আঁকার পেছনের কথা বলছিলেন শিল্পী। কাচ যখন উত্তপ্ত তরল অবস্থায় থাকে, তখন তার ওপর অ্যাসিড ব্যবহার করে শিল্পকর্মটি করেছিলেন কাজী রকিব। তেমনি আশির দশকে করা আদিম গুহার একটি ছবি দেখাতে দেখাতে বললেন, তখন তিনি খুব সালভাদর দালি-প্রভাবিত ছিলেন। পাশেই ঝোলানো আরেকটি ছবি ‘আপু’তে এঁকেছিলেন নিজের বড় বোনকে। শিল্পী প্রদর্শনীতে উপস্থিত বোনকে চেনালেন তাঁর ঘরকন্নার সেই ছবিটি।
অনেকগুলো ছবিতেই পানি আর বৃষ্টির ছবি বারবার ফিরে আসতে দেখা যায়। বৃষ্টিস্নাত সবুজ বনের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে দেখা যায় রবীন্দ্রনাথকে। কাজী রকিব বললেন, বৃষ্টি তিনি খুব পছন্দ করেন। আত্মমগ্ন শিল্পী নিজেকে খুঁজে ফেরেন এসব ছবিতে।
শিল্পীর বন্ধু অভিনয়শিল্পী আফজাল হোসেন বলেন, কাজী রকিব শিল্পে প্রতিষ্ঠা চেয়েছেন কিন্তু প্রতিষ্ঠার জন্য কখনোই শিল্প করেননি। আর শিল্পী সমরজিৎ রায়চৌধুরী বলেন, কাজী রকিবের কাজে স্পষ্ট ধরা পড়বে নানা সময়ে করা তাঁর নিরীক্ষা। আর একজন প্রকৃত শিল্পীর ধর্মই হচ্ছে নিরীক্ষা করা।
প্রদর্শনী দেখতে এসেছিলেন টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু, অভিনয়শিল্পী আফসানা মিমি, স্থপতি এনামুল করিম নির্ঝর, চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুস, মাহমুদুল হক, মাসুদা কাজী, শিশির ভট্টাচার্য্য, সাইদুল হক জুইস, ফারেহা জেবা প্রমুখ।