৪০ মিনিট দৈর্ঘ্যের ধারাবাহিক ‘লংমার্চ’
‘একটা ব্যতিক্রমী অফিস ঘিরে লংমার্চ ধারাবাহিক নাটকের গল্প। এই অফিস প্রতিভাধর মানুষের সন্ধান করে। অনুসন্ধান-প্রক্রিয়াও অদ্ভুত। নানা অনুসন্ধান করে তারা খুঁজে পায় মোশাররফ করিমকে। একসময় সেই অফিসে হাজির হন তিশা। ঘটনাচক্রে আসেন চাঁদনী, আ খ ম হাসান, ডা. এজাজসহ আরও অনেকে। ঘটতে থাকে নানা মজার ঘটনা। এভাবেই এগিয়ে যায় লংমার্চ নাটকের গল্প।’ বললেন মাসুদ সেজান। লংমার্চ নাটকটি পরিচালনা করছেন তিনি। মাসুদ জানান, জুলাই মাস থেকে বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিকটি। নাটকের প্রতিটি পর্বের জন্য সময় বরাদ্দ করা হয়েছে এক ঘণ্টা। এর মধ্যে বিজ্ঞাপন দেখানো হবে ২০ মিনিট ।বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহেদ বললেন, ‘বিজ্ঞাপনের জন্য নাটক দেখা যায় না—এ অভিযোগ আমাদের খুব বেশি শুনতে হয়। এর একটা সমাধান বের করার চেষ্টা হিসেবে লংমার্চ ধারাবাহিকের সময় এক ঘণ্টা করা হয়েছে।’ সপ্তাহের প্রতি রোববার ও সোমবার রাতে প্রচারিত হবে নাটকটি।