৪০টি গান ও দুটি পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ। আগের দিন বিকেলবেলা, ইফতারের আগে ঘণ্টা খানেকের জন্য সময় পাওয়া গেল। হ্যাঁ, কুমার বিশ্বজিতের সঙ্গে কথা হয়েছিল রমজান মাসের মাঝামাঝি।বনানীর কুমার বিশ্বজিতের বাসাটা একেবারেই নীরব। খুব বেশি মানুষজন আছে বলে মনে হলো না। বসার ঘরে ঢুকেই তিনি বললেন, ‘বাসায় কেউ নেই। আমি একা। আমার স্ত্রী আর ছেলে নিবিড় নিউইয়র্কে বেড়াতে গেছে। যাওয়ার আগে নিবিড় আবদার করেছিল, তাকে ডিজনিল্যান্ডে নিয়ে যেতে হবে। ওর জন্যই নিউইয়র্কে যেতে হচ্ছে। ঈদের আগেই ওদের সঙ্গে নিয়ে দেশে ফিরব।’তবে কথামতো ঈদের আগে ফিরতে পারেননি। ফিরলেন ঈদের পরপরই।এবারের ঈদটা ছিল কুমার বিশ্বজিতের জন্য একটু অন্য রকম। ঈদ উপলক্ষে তাঁর কণ্ঠে খুব জনপ্রিয় হওয়া ৪০টি গান মুঠোফোনে প্রকাশ করেছে গ্রামীণফোন। আর এবারই তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।কুমার বিশ্বজিৎ বললেন, ‘আমার সংগীতজীবনের তিন দশক পূর্তি উপলক্ষে গ্রামীণফোন এই উদ্যোগ নিয়েছে। আমার কণ্ঠে খুব জনপ্রিয় হওয়া ৪০টি গান রয়েছে এখানে। এর মধ্যে আছে জনপ্রিয় গান, পাশ্চাত্যের সুরনির্ভর গান, সেমি-ক্লাসিক্যাল গান ও লোকধাঁচের গান। চারটি অ্যালবাম। প্রতিটির আলাদা নাম—মেঘের পালকি, একটা আকাশ, স্বপ্নের আনাগোনা ও প্রেমের আভাস। চারটি মিলে একটা কথা।’কোরবানির ঈদের আগে জি সিরিজ থেকে এই চার অ্যালবাম নিয়ে বের হবে গোল্ডেন বক্স। ঈদের আগে গোল্ডেন বক্সের মোড়ক খোলা উপলক্ষে জমকালো অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন কুমার বিশ্বজিৎ। তিনি জানালেন, এখানে থাকবে শ্রোতাদের অংশগ্রহণের সুযোগ, আর তাঁর জনপ্রিয় গানগুলো করবেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ এবং ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার সেরা শিল্পীরা।কুমার বিশ্বজিৎ বললেন, ‘এবার এই ৪০টি গান বাছাই করতে গিয়ে দেখলাম, এ ধরনের আরও চারটি গোল্ডেন বক্স বের করার মতো জনপ্রিয় গান আমার আছে। আমাদের গানের কিন্তু একটা ঐতিহ্য রয়েছে। এর কথার কাঠামো, সুর ও সংগীতায়োজন—সবকিছুতেই রয়েছে বৈচিত্র্য। এগুলো নতুন প্রজন্মকে জানাতে চাই।’মুঠোফোনে গান প্রকাশ—বাংলাদেশের জন্য সাম্প্রতিক ভাবনা। কুমার বিশ্বজিৎ বললেন, ‘আধুনিক প্রযুক্তির সঙ্গে সবাইকেই যুক্ত হতে হবে। নয়তো পিছিয়ে পড়বেন। আমাদের শুরুটা হয়েছিল অডিও ক্যাসেট দিয়ে। এরপর এসেছে অডিও সিডি, ডিভিডি। পাইরেসি ঠেকাতে সামনে আমাদের মেমোরি চিপস ও ইউএসবি প্রযুক্তির সঙ্গে যেতে হবে। প্রযুক্তির অপব্যবহারের কারণে কোনো সৃষ্টিশীল মানুষ তো বসে থাকতে পারে না! সৃষ্টি তাকে করতেই হবে। আর মুঠোফোনে গান প্রকাশের মাধ্যমে এসব সৃষ্টির প্রসারে যারা এগিয়ে এসেছে, তাদের স্বাগত জানাই।’কুমার বিশ্বজিৎ চলচ্চিত্রে প্রথম গান করেছিলেন ১৯৮২ সালে। ছবির নাম ইন্সপেক্টর। এরপর তিনি গান করেছেন পাঁচ শতাধিক ছবিতে। আর চলচ্চিত্রে তাঁর গাওয়া গানের সংখ্যা হাজার খানেক। কিন্তু এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি। একসঙ্গে দুটি পুরস্কার। একটি গানের সুরকার হিসেবে, অন্যটি কণ্ঠশিল্পীর। ছবির নাম স্বামী-স্ত্রীর ওয়াদা এবং গানটি হলো ‘একটা চাঁদ ছাড়া রাত, আঁধার কালো’। একই গানের জন্য গীতিকারের পুরস্কার পেয়েছেন কবির বকুল।জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতির কথা জানাতে গিয়ে কুমার বিশ্বজিৎ বললেন, ‘পুরস্কার পাওয়ার মতো গান আরও অনেক গেয়েছি। এর আগেও কয়েকবার শুনেছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছি। শেষ পর্যন্ত কিছুই হয়নি। তবে এবারের পুরস্কারটি আমার জন্য খুবই উল্লেখযোগ্য। কারণ, এবারই প্রথম আমি চলচ্চিত্রের গানে সুর করেছি। ছবিটি যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখন সারা দেশে ছিল বন্যা। কোনো ব্যবসা করতে পারেনি। খুব দুঃখ হয়েছিল। কারণ, ছবিতে শ্রোতাদের ভালো লাগার মতো আরও গান ছিল। আমি এখানে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে গানগুলো তৈরি করেছিলাম। কিন্তু গানগুলো কারও শোনা হলো না।’ছিলেন ‘মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর প্রেসিডেন্ট। মাত্র আট মাস পরই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। কারণ হিসেবে কুমার বিশ্বজিৎ বললেন, ‘অনেক বড় সংগঠন। কাজ করছে মাত্র দু-একজন। আমার তো নিজের সংসার আছে, ব্যক্তিগত জীবন আছে। গানের জন্য সময় দিতে হয়। কাজ শুরুর পর দেখলাম আশপাশে কেউ নেই। পাইরেসি প্রতিরোধে কার্যকর কিছু পদক্ষেপও নিয়েছিলাম। শারীরিক, মানসিক ও আর্থিকভাবে সংগঠনটির সঙ্গে এতটা জড়িয়ে পড়েছিলাম যে সেখান থেকে দ্রুত সরে আসাটা খুব জরুরি হয়ে পড়েছিল।’তিন দশক পেরিয়ে এসে গান নিয়ে নিজের পরিকল্পনার কথা বললেন কুমার বিশ্বজিৎ, ‘আমার কিন্তু আরও অনেক ভালো গান আছে। অবহেলায়, অযত্নে সেগুলো পড়ে আছে। প্রচারের অভাবে সেগুলোর কথা কেউ কখনো জানতেই পারেনি। নতুন গান গাওয়ার চেয়ে নিজের সেই সব গান সংগ্রহ করে সবার সামনে উপস্থাপনের উদ্যোগ নিয়েছি।’পরপর কয়েকটি গানের প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করেছেন কুমার বিশ্বজিৎ। নতুনদের নিয়ে দেখেছেন অনেক স্বপ্ন। এর কতটা পূরণ হয়েছে? তিনি বললেন, ‘তা কি পূরণ হওয়া সম্ভব? সংগীতের সাধনা কী জিনিস, তা কি নতুনেরা জানে? তাদের কাছে এখন শুধুই টাকার হাতছানি। আর ছেলেমেয়েগুলোও এখন টাকা ছাড়া কিছু বোঝে না। কয়েকটি খুব ভালো কণ্ঠ আমরা পেয়েছিলাম। কিন্তু যথাযথ পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনার অভাবে তারা হারিয়ে যাচ্ছে।’অনেক অনুরোধের পর নতুনদের দিকনির্দেশনা দিতে গিয়ে কুমার বিশ্বজিৎ বললেন, ‘জনপ্রিয়তার পথটা খুব পিচ্ছিল। এতটুকু অসাবধানতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এই পথে চলার আগে নিজেকে তৈরি করতে হবে, সাধনার কোনো বিকল্প নেই। রাতারাতি আকাশে উড়তে চাইলে হারিয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। ওপরে উঠতে হবে সিঁড়ি বেয়ে, ধাপে ধাপে। প্রতিটি ধাপ থেকে শিক্ষা নিতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। কোনোভাবেই অধৈর্য হলে চলবে না। হতে হবে বিনয়ী। আর সবশেষ কথা; অনুশীলন, অনুশীলন এবং অনুশীলন—এর কোনো বিকল্প নেই।’