৪১ বছর পর কাওয়ালি গানে সঞ্জয়

চার দশক আগে ‘রেশমা অউর শেরা’ ছবির একটি কাওয়ালি গানে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল বহুল আলোচিত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে। এবার যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। দীর্ঘ ৪১ বছর পর আবার কাওয়ালি গানে দেখা যাবে সঞ্জয়কে। ‘জঞ্জির’ ছবির রিমেক মুক্তি পাচ্ছে আর মাত্র তিন দিন পর। এই ছবিতে শের খান চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয়। এখানে ‘পাঠান কি জুবান’ কাওয়ালি গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যাবে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ‘মুন্নাভাই’ তারকা সঞ্জয় দত্তকে।
বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের এক মামলায় গত ২১ মার্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছেন সঞ্জয়। পুনের ইয়েরাওয়াড়া কারাগারে তিনি সাজা খাটছেন। কারাগারের চার দেয়ালে বন্দী হওয়ার আগেই ‘জঞ্জির’ রিমেকের শুটিং শেষ করেছিলেন সঞ্জয়। ৪৫ কোটি রুপি বাজেটের ছবিটি মুক্তি পাচ্ছে ৬ সেপ্টেম্বর। অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন প্রিয়াংকা চোপড়া, রাম চরণ, মাহি গিল, অতুল কুলকার্নি প্রমুখ।
১৯৭২ সালে মুক্তি পাওয়া ‘রেশমা অউর শেরা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন সঞ্জয়। ওই ছবিতে শেরা চরিত্রে অভিনয় করেন তাঁর বাবা প্রয়াত সুনীল দত্ত। আরও ছিলেন অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, ওয়াহিদা রেহমান, রাখি প্রমুখ।
পরবর্তী সময়ে সঞ্জয় দেড় শর বেশি ছবিতে অভিনয় করে বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেন। বলিউডে সাফল্য পেলেও মাদকাসক্তি, অবৈধ মাদক বহন, কুখ্যাত সন্ত্রাসীদের সঙ্গে ঘনিষ্ঠতা, ১৯৯৩ সালে মুম্বাইয়ের ভয়াবহ সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থেকে শুরু করে বাড়িতে অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অপরাধে জড়িয়ে ব্যাপক আলোচিত-সমালোচিত হন ‘খলনায়ক’খ্যাত ৫৪ বছর বয়সী এ অভিনেতা।
১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছিল। সে সময় ওই ভয়াবহ বিস্ফোরণে মারা গিয়েছিল ২৫৭ জন। আহত হয়েছিল ৭০০ জনের বেশি। ভয়াবহ ওই সহিংসতার পর বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পৃক্ততা ও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ১৯৯৩ সালের এপ্রিল মাসে সঞ্জয়কে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এ ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে সঞ্জয় দত্তের বাড়ি তল্লাশি করে একটি একে-৫৬ রাইফেল ও একটি নাইন এমএম পিস্তল খুঁজে পেয়েছিল পুলিশ।
পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ থেকে নিষ্কৃতি পান সঞ্জয়। কিন্তু বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের মামলায় গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। সঞ্জয় এ মামলায় আগে দেড় বছর সাজা ভোগ করেছেন। এই হিসাবে তাঁকে আর সাড়ে তিন বছর কারাদণ্ড ভোগ করতে হবে ।