৪২ বছর বয়সী তরুণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালে রক অন ছিল তাঁর অভিনীত প্রথম ছবি। সেখানে এক রক ব্যান্ডের সদস্য ছিলেন ফারহান খান
২০০৮ সালে রক অন ছিল তাঁর অভিনীত প্রথম ছবি। সেখানে এক রক ব্যান্ডের সদস্য ছিলেন ফারহান খান

দিল চাহতা হ্যায়, লক্ষ্য, জিন্দেগি না মিলেগি দোবারা কিংবা রক অন—নামগুলো শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাঁধভাঙা তারুণ্যের ছবি। বলিউডের সিনেমাপ্রেমীদের মধ্যে এই ছবিগুলো যাঁদের দেখা, তাঁরা স্পষ্টই বুঝতে পারছেন, হয়তো প্রতিটি ছবির মধ্যেই কিন্তু একটা নাম ‘কমন’। নামটি ফারহান আখতারের। বলিউডের এই সর্বগুণসম্পন্ন ব্যক্তিটি সেই যে ২৭ বছর বয়স থেকে হয়েছেন বলিউডে তারুণ্যের দূত, এখনো আসনটি ছাড়েননি তিনি। ১৫ বছর পরও তিনি হয়েছেন সেই ‘ইয়ুথ আইকন’। তাই এখন তাঁর রক অন টু ছবির মুক্তির আগে এই ৪২ বছরের তরুণ ফারহানকে নিয়েই কথা হোক।

২০০১ সালে প্রথম পরিচালিত ছবি দিল চাহতা হ্যায় দিয়েই চারদিকে সাড়া ফেলে দিয়েছিলেন তরুণ ফারহান। এক ফ্রেমে সে সময় ৩৬ বছর বয়সী আমির খান, ৩১ বছরের সাইফ আলী খান আর ২৬ বছর বয়সী অক্ষয় খান্নাকে কলেজছাত্রের রূপ দিয়ে বাহবা কুড়িয়েছেন সব মহলের। তবে সব মহলের প্রশংসার চেয়ে সে সময় তরুণদের মধ্যে যে পরিমাণ প্রভাব ফেলেছিল এই ছবি, তা ভেঙে দিয়েছিল পুরোনো সব রেকর্ড। আমিরের দাড়ি, সাইফের ঠাট্টা, অক্ষয়ের ‘ক্র্যাশ’ খাওয়ার ধরন—সবই দারুণ ছাপ ফেলে তরুণদের মনে। এর বছর তিনেক পর আসে লক্ষ্য ছবিটি। সেখানেও ফারহান তুলে আনেন তারুণ্যের নানা বিষয়।

ফারহান এমনই। যখন ছবি পরিচালনা শুরু করলেন, তখনো তারুণ্যের শক্তিকে পুঁজি করে হয়ে উঠলেন সফল। আবার যখন অভিনেতা হিসেবে এলেন সবার সামনে, তখনো তাঁর ছবি একেবারেই তরুণ, সতেজ, প্রাণবন্ত। ২০০৮ সালে রক অন ছিল তাঁর অভিনীত প্রথম ছবি। সেখানে এক রক ব্যান্ডের সদস্য ছিলেন তিনি। বলিউডে এমন রক ব্যান্ড নিয়ে এর আগে এমন ছবি বানায়নি কেউ। নিয়মভাঙা সেই ছবি তাই সেই বছর হয়েছিল বেশ আলোচিত। ফারহানও অভিনেতা হিসেবে পেয়েছিলেন দারুণ প্রশংসা। এরপর অভিনয়েও তাঁকে দমাতে পারেনি কেউ।

এরপর থেকে যখনই তারণ্যকে মূল বিষয় হিসেবে ধরে ছবি বানাতে গেছেন কেউ, তখনই ফারহানকে স্মরণ করেছেন। যেমন ফারহানের বোন জোয়া আখতারের কথাই ধরা যাক। তাঁর ছবি জিন্দেগি না মিলেগি দোবারা ছবিটি তো প্রতিটি তরুণ-তরুণীর মনের গভীরে লুকিয়ে থাকা স্বপ্নের মতো। সেই ছবিতেই তরুণ এক কবির চরিত্রে অভিনয় করেছেন ফারহান। এরপর দিল ধারাকানে দো ছবিতেও ফারহানের সেই আগের ছবিই। আর এবারের রক অন টু? বয়স এখন ৪২ ফারহানের। কিন্তু তারুণ্য যে ফারহানকে ছাড়ে না। তাই এ বয়সে এসেও তিনি প্রতিনিধিত্ব করছেন তারুণ্যে উদ্দাম, উচ্ছ্বাসের।

আদর রহমান

বলিউড হাঙ্গামা, মিস মালিনি ও ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে