
অনেকগুলো মানুষ, একসঙ্গে ৪৪ বছর। এরই মধ্যে কত ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই! সন্ধ্যার পর থেকে চলল সেসবের স্মৃতিচারণা। দেশের নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করতে এগিয়ে যাওয়া ‘নাট্যচক্র’ ৪৫-এ পা রাখল। সে উপলক্ষেই ছিল আনন্দ আয়োজন।
গতকাল বুধবার সন্ধ্যায় ছিল নাট্যচক্রের ৪৪ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে করা হয় নানা আয়োজন। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু করে সেই আনন্দযজ্ঞে সম্মাননা জানানো হয় সংগঠক ও যাত্রাশিল্পী মিলন কান্তি দে ও অভিনেতা মাহ্মুদ সাজ্জাদকে।
মিলন কান্তি দে বলেন, ‘নাট্যচক্র আমাকে নয়, পুরো যাত্রা শিল্পকেই সম্মান জানাল আজ। এ বছর আমার অভিনয় জীবনের ৫০ বছর পূর্তিকে আরও তাৎপর্যপূর্ণ করল এ সম্মান।’ তিনি মেঘনাদবধ কাব্য থেকে এবং মাহ্মুদ সাজ্জাদ শেষের কবিতা থেকে আবৃত্তি করে শোনান। নাট্যচক্রের সভাপতি ম. হামিদ বলেন, ‘দেশের নাট্যাঙ্গনের মোড় ঘুরিয়ে দিতে কিছুটা অবদান রাখতে পেরে দলটি গর্বিত।’
মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে যাত্রা শুরু করে নাট্য সংগঠন ‘নাট্যচক্র’। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও নাট্যচক্রের অন্যতম সদস্য শেখ কামালকে স্মরণ করেন সংগঠনটির সহসভাপতি গোলাম সারোয়ার। অনুষ্ঠানে ‘আজি খেলা ভাঙার খেলা’ ও ‘আমি যার নূপুরের ছন্দ’ গান দুটির সঙ্গে নাচ পরিবেশন করেন তাবাসসুম আহ্মেদ ও তাঁর দল। শেষে দলের পাঁচটি নাটকের অংশবিশেষ নিয়ে মঞ্চস্থ হয় বিশেষ নাটক মৌচাক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুই নাট্যব্যক্তিত্ব আকতারুজ্জামান ও ঝুনা চৌধুরী।