৪৫-এ শাহরুখ
বলিউডে কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান আজ ৪৫ বছরে পা দিয়েছেন। বলিউডে ক্যারিয়ার শুরুর আগে ১৯৮৮ সালে শাহরুখ খান টিভিতে কাজ শুরু করেন। টিভিতে শাহরুখের প্রথম সিরিয়ালটির নাম ছিল ফৌজ। এতে শাহরুখ খান একজন কমান্ডোর চরিত্রে অভিনয় করেছিলেন। টিভিতে ক্যারিয়ার শুরু করলেও শাহরুখ খান এখন বলিউডের একজন অপরিহার্য তারকায় পরিণত হয়েছেন। নব্বইয়ের দশকের শুরুতে শাহরুখ খান নাম লেখান বলিউডের রুপালি পর্দায়। প্রথম ছবি দিওয়ানাতে অনবদ্য অভিনয় করে জিতে নেন ফিল্ম ফেয়ারে সেরা নবাগতের পুরস্কার। পরের বছর ‘মায়া মেমসাহেব’ ছবিতে অভিনয় করে সমালোচনার মুখে পড়েন তিনি। তবে তা বেশিদিন স্থায়ী হয়নি। কারণ একই বছরে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সুপার হিট ছবি ‘বাজিগর’ এবং ‘ডর’। প্রথমটির জন্য শাহরুখ জিতে নেন ফিল্ম ফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার এবং ‘ডর’ ছবির জন্য সেরা খল অভিনেতার পুরস্কার। এরপর শুধুই এগিয়ে চলা। এ পর্যন্ত অসংখ্য দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। শাহরুখ খান নিজেকে শুধু অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। ২০০০ সালে এসে অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নাম লেখান তিনি। অভিনয় এবং ছবি প্রযোজনার পাশাপাশি শাহরুখ খান ছবির গানে কণ্ঠও দিয়েছেন। শাহরুখ খান প্রথম ১৯৯৯ সালে বাদশাহ ছবিতে মেঁ তু হু পাগল শিরোনামের একটি গানে কণ্ঠ দেন। বাদশাহ ছবি দিয়ে শুরু করলেও জোশ, ডন-দ্য চেজ বিগিনস, চাক দে ইন্ডিয়া ছবির কয়েকটি গানেও কণ্ঠ দেন শাহরুখ। এ ছাড়া শাহরুখ খান কয়েকটি ছবিতে স্ট্যান্ট ডিরেক্টরের কাজও করেছেন। প্রসঙ্গত, আজ থেকে ৪৫ বছর আগে দিল্লির এক পাঠান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান।