৪৫ ফুট ওপর থেকে অক্ষয়ের দুঃসাহসী লাফ!
সম্প্রতি ‘খিলাড়ি ৭৮৬’ ছবির একটি দৃশ্যের জন্য কোনো রকম নিরাপত্তাব্যবস্থা ছাড়াই ৪৫ ফুট উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়েছেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার। তাঁর এমন দুঃসাহসিক ‘স্টান্ট’ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন সহ-অভিনেত্রী অসিনসহ ‘খিলাড়ি ৭৮৬’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই।ছবির ঝুঁকিপূর্ণ সব স্টান্টে নিজে অংশ নেওয়ার জন্য সুপরিচিত অক্ষয় কুমার। সম্প্রতি আবারও তার প্রমাণ রাখলেন তিনি।‘খিলাড়ি ৭৮৬’ ছবির একটি দৃশ্যে বহুতল ভবনের বারান্দা থেকে লাফ দেওয়ার কথা ছিল অক্ষয়ের। অক্ষয়ের জন্য স্টান্টম্যানসহ প্রয়োজনীয় দড়ি, হার্নেস—সব ধরনের নিরাপত্তাব্যবস্থারই আয়োজন করা হয়েছিল। কিন্তু সেগুলো ব্যবহার করতে অস্বীকৃতি জানান তিনি। সবাইকে অবাক করে দিয়ে ৪৫ ফুট উঁচু সেই বারান্দা থেকে শূন্যে লাফ দেন অক্ষয় কুমার।এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শীর বরাতে মিডডে জানিয়েছে, ‘সম্প্রতি মুম্বাইয়ের মাধ আইল্যান্ডে ঝুঁকিপূর্ণ ওই স্টান্টের দৃশ্য ধারণ করা হয়েছে। এক শটেই দৃশ্যটি সম্পন্ন করায় ‘খিলাড়ি ৭৮৬’ ছবির দলের সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান অক্ষয়কে। তাঁর এমন দুঃসাহসিক কাণ্ড দেখে সহ-অভিনেত্রী অসিন তো পুরো হা হয়ে গিয়েছিলেন। দৃশ্যটির জন্য অক্ষয়ের প্রশংসা করা থেকে নিজেকে থামাতেই পারছিলেন না তিনি।’