৪৫টি গান লিখেছেন প্রিয়াংকা!
আন্তর্জাতিক অ্যালবামে গান গাওয়ার মাধ্যমে গায়িকা হিসেবে সংগীত প্রতিভার স্বাক্ষর রেখেছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এবারে গীতিকার হিসেবেও তাঁর পারদর্শিতার খবর জানাল মিড-ডে। অবিশ্বাস্য শোনালেও অভিনয়ের প্রচণ্ড ব্যস্ততার ফাঁকে এরই মধ্যে ৪৫টি গান লিখে ফেলেছেন প্রিয়াংকা।এ প্রসঙ্গে প্রিয়াংকার কাছের একটি সূত্র জানিয়েছে, এতগুলো গান লিখলেও এখনই বিষয়টি সবার সামনে আনতে প্রস্তুত নন তিনি। কারণ, গানের জগতে তিনি সবেমাত্র একটি সাফল্যের মাইলফলক ছুঁয়েছেন। গান নিয়ে পরবর্তী সময়ে কী ধরনের কাজ করবেন, তার পরিকল্পনা এখন পর্যন্ত চূড়ান্ত করেননি তিনি।বলিউডের অনেক তারকাই টুকটাক গান গেয়ে বাহবা পেয়েছেন। তবে অভিনয় আর সংগীতকে সমানতালে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সাফল্য দেখাতে পারেননি তাঁরা। কিন্তু এদিক থেকে প্রিয়াংকা চোপড়াকে ব্যতিক্রমই বলতে হয়। অভিনয়ের সঙ্গে সঙ্গে সংগীত ক্যারিয়ারের প্রতিও দারুণ মনোযোগী তিনি।মূলত বাবার স্বপ্ন পূরণের জন্যই গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান প্রিয়াংকা। এ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ‘সব সময় বাবা চাইতেন, আমি যেন গান করি। তাঁর স্বপ্ন পূরণের পথেই হাঁটছি আমি।’ ইউনিভার্সেল মিউজিকের ব্যানারে এ বছর মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াংকার অভিষেক অ্যালবাম। গত বছর প্রকাশিত হয়েছে অ্যালবামটির একটি গান ‘ইন মাই সিটি’। গানটিতে প্রিয়াংকার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন র্যাপ সংগীতশিল্পী উইলিয়াম। গানটির জন্য বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন প্রিয়াংকা। ২০০২ সালে প্রিয়াংকার অভিনয় অভিষেক হয়েছিল তামিল ছবি ‘থামিঝান’-এর মাধ্যমে। সেই ছবির একটি গানেও তিনি কণ্ঠ দিয়েছিলেন। পরে ২০০৫ সালে ‘ব্লাফমাস্টার’ ছবির একটি গানের রেকর্ডিংয়ে অংশ নেন। অবশ্য শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি গানটি।