৫ আগস্ট বিয়ে করছেন নাটালি পোর্টম্যান!
অবশেষে বাগ-দত্ত ফরাসি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার বেঞ্জামিন মিলেপিয়েডকে বিয়ে করতে যাচ্ছেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী নাটালি পোর্টম্যান। ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেই জানিয়েছেন এই জুটির কাছের বন্ধুরা।২০০৯ সালে ‘ব্ল্যাক সোয়ান’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন নাটালি ও বেঞ্জামিন। ২০১০ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন হয় তাঁদের। পরের বছরের জুনে প্রথম সন্তানের মা হন নাটালি। তবে এখন পর্যন্ত বিয়ের অনুষ্ঠান করা হয়ে ওঠেনি তাঁদের। অবশেষে অনাড়ম্বর এক বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন এ জুটি। সাম্প্রতিক এক খবররে এমন তথ্যই প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার স্কাই নিউজ।এ প্রসঙ্গে এ জুটির কাছের এক বন্ধু জানিয়েছেন, ‘নাটালির দারুণ পছন্দের একটি জায়গা ক্যালিফোর্নিয়ার বিগ সার। ব্যস্ততা থেকে ছুটির প্রয়োজন হলেই সেখানে ছুটে যান তিনি। সেখানেই ৫ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন নাটালি ও বেঞ্জামিন।’বন্ধুটি আরও জানিয়েছেন, ‘যতটা সম্ভব অনাড়ম্বর এক বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরিবারের সদস্য ও কাছের বন্ধু ছাড়া আর কেউ এই বিয়েতে আমন্ত্রণ পাবেন না। সব মিলিয়ে ৬০ জনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদমই সাদাসিধে এই বিয়ের জন্য নতুন কোনো বিয়ের পোশাকও কিনছেন না নাটালি।’