৫ এপ্রিল সিদ্ধান্ত নেবেন প্রেক্ষাগৃহ মালিকেরা
চলচ্চিত্র ব্যবসা হুমকির মুখে, দেশীয় চলচ্চিত্রের সংকট, একের পর এক প্রেক্ষাগৃহ কী করে বন্ধের হাত থেকে রক্ষা করা যায়, বিদেশি স্যাটেলাইট চ্যানেল নিয়ন্ত্রণ, দর্শককে প্রেক্ষাগৃহমুখী করে তোলাসহ একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশের ৯৫৮টি প্রেক্ষাগৃহের মালিকেরা একত্র হচ্ছেন সিদ্ধান্ত নিতে। প্রেক্ষাগৃহ মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কে এম আর মঞ্জুর জানিয়েছেন, ৫ এপ্রিল ঢাকার বিজয়নগর হোটেল ৭১-এ ৯৫৮টি সিনেমা হলের মালিক এক হবেন। তাঁরা চলচ্চিত্রের বিরাজমান সমস্যাগুলোকে মোকাবিলা করার জন্য একাধিক সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, সিনেমা ব্যবসাকে চাঙা করতে বাস্তবমুখী বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে তাঁরা যেকোনো মূল্যেই হোক তার বাস্তবায়ন করবেন। নতুবা একসময় কোনো সিনেমা হলেরও অস্তিত্ব থাকবে না। আজ স্যাটেলাইটের মাধ্যমে অনেক অপ্রয়োজনীয় চ্যানেল দেশে আসার কারণে সিনেমা ব্যবসায় বড় রকম ধস নেমেছে। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানাব। সেই সঙ্গে এখন আর আগের মতো বাংলা সিনেমা পাওয়া যাচ্ছে না। ফলে প্রেক্ষাগৃহগুলো কী করে বাঁচবে, সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া সিনেমা হলে যেন ভালো পরিবেশ থাকে, এ জন্য কী করা যায়—সেসব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আর আমরা আলোচনা করব, কেন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধের হাত থেকে সিনেমা হল রক্ষা করতে হলে কী কী করণীয় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।