৫ নভেম্বর কাজে ফিরছেন কারিনা (ভিডিও)
পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে ১৬ অক্টোবর বিয়ের পর্ব সেরেছেন কারিনা কাপুর। বিয়ের পর এখন পর্যন্ত চলচ্চিত্রের কাজ শুরু করেননি তিনি। তবে এই বিরতি খুব বেশি দীর্ঘ হচ্ছে না। বিয়ে-পরবর্তী স্বল্প বিরতি শেষে আগামী ৫ নভেম্বর আইটেম গানের মাধ্যমে কাজ শুরু করছেন তিনি। ওই দিন ‘দাবাং ২’ ছবির ‘ফেভিকল’ গানের শুটিংয়ে অংশ নেবেন কারিনা।বান্দ্রার মেহবুব স্টুডিওতে গানটির শুটিং করবেন কারিনা কাপুর। বিয়ের পর এই গানের মাধ্যমেই ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। গানটির কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন ফারাহ খান। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, এ মুহূর্তে চলচ্চিত্রের কাজ থেকে বিরত আছেন কারিনা। তবে বিয়ের এক মাস পেরোনোর আগেই আবার চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন পতৌদি পরিবারের নববধূ। ‘দাবাং ২’ ছবির আইটেম গানে অংশ নেবেন তিনি। গানটিতে তাঁর সঙ্গে নাচবেন সালমান খান। এরই মধ্যে কারিনার জন্য দারুণ কয়েকটি নাচের মুদ্রা তৈরি করে ফেলেছেন ফারাহ খান।এদিকে বিয়ের পর ২৮ অক্টোবর রোববার প্রথমবারের মতো মঞ্চ পরিবেশনায় অংশ নেন কারিনা। মঞ্চ কাঁপিয়েছেন পিপলস চয়েজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে। অনুষ্ঠানে সাদা রঙের গাউন পরে হাজির হন তিনি। তাঁর এই শুভ্র রূপ মুগ্ধ করে সবাইকে।