৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম মুক্তিযুদ্ধবিষয়ক নাটকের নির্দেশনা দিচ্ছেন। বদরুন নাহারের ছোটগল্প ‘তাহাদের যুদ্ধ’ অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন অনিমেষ সাহা লিটু। নাটকটির নাম এখনো ঠিক না হলেও কাজ শুরু হয়েছে জোরেশোরেই। মুক্তিযুদ্ধের ৪০ বছর আর শব্দাবলীর ২০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে নাটকটি মঞ্চে আসছে। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন নাটকটির নির্দেশক আমিনুর রহমান, যিনি মুকুল নামে নাট্যাঙ্গনে পরিচিত। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।প্রথম মুক্তিযুদ্ধবিষয়ক নাটকের নির্দেশনা দিচ্ছেন। প্রস্তুতি কেমন?এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক নাটকে অভিনয়, কারিগরি দিক বা মঞ্চের পেছনে একাধিক কাজের সঙ্গে ছিলাম। সেই দিক থেকে কিছুটা হলেও তো অভিজ্ঞতা হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধ সম্পর্কে সিনেমা দেখা বা বই পড়া, জানাশোনা হয়ে আসছে অনেক দিন থেকেই। এসব অভিজ্ঞতা এক জায়গায় এনেই আমি নাটকটি করার চেষ্টা করছি।মুক্তিযুদ্ধের এ নাটকটি নির্দেশনার জন্য বেছে নিলেন কেন?এ সময়ে এসে আমি যেভাবে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের দেখছি, ঠিক তেমনি একটা গল্পের এই নাটকটি। আমার কাছে মনে হয়েছে, মুক্তিযুদ্ধের ৪০ বছর পরও আমরা সঠিকভাবে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে পারিনি। মুক্তিযুদ্ধের সঠিক চেতনা আমাদের কাছে নেই। আমাদের মুক্তিযুদ্ধ এত বড় একটা গৌরবের বিষয়, তা আমরা ধারণ করতে পারিনি। এখনো বীরাঙ্গনারা দাঁড়াতে পারেননি। আমাদের গর্ব করার মতো বায়ান্ন, ঊনসত্তর বা একাত্তর ছাড়া তো কিছু নেই। কিন্তু তা আমরা সঠিক প্রয়োগই করছি না। নাটকটির গল্প হুবহু এমনই। এই অবস্থায় দাঁড়িয়ে আমি নাটকটি করতে আগ্রহী হয়েছি। বর্তমান সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক হবে নাটকটি।ঢাকা থেকে কীভাবে বরিশালে গিয়ে নাটকটির নির্দেশনা দেওয়ার কাজ করছেন?নিজের দল পালাকার বা আমার নিজের পেশা—সব মিলিয়ে ব্যস্ত তো থাকতেই হয়। এর মাঝেও কিছু সময় বের করে নিয়ে বরিশালে গিয়ে কাজটি করছি। আমার সুযোগ-সুবিধা মেনে নিয়েই ওরা আমাকে দিয়ে কাজটা করাচ্ছে। গত মাস থেকে মূলত কাজটি শুরু হয়েছে। সপ্তাহে দু-তিন দিন করে বরিশালে গিয়ে কাজটি করছি।এর আগে আপনি দেশের একাধিক জেলায় গিয়ে নাটকের নির্দেশনা দিতেন। এখন দেখা যায় না। কারণ কী?আমার থিয়েটারে কাজের প্রথম দিকে বিভিন্ন জেলায় গিয়ে নাটক নির্দেশনার কাজ করতাম। এর আগে চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বরিশাল, সিলেটসহ একাধিক জেলায় নির্দেশনার কাজ করেছি। কিন্তু প্রায় সাত বছর হলো এভাবে আর কাজ করা হচ্ছে না। মূলত নিজের দল পালাকার নিয়ে ব্যস্ত হওয়া, নিজের পেশার কারণেও সমস্যা হয়েছে। কিন্তু আমার খুবই আগ্রহ বিভিন্ন জেলায় গিয়ে নাটক নির্দেশনা দেওয়া। বরিশাল শব্দাবলীর হয়ে যেভাবে কাজটি করছি, সেভাবে মানিয়ে নিয়ে এখন থেকে ঢাকার বাইরের জেলায় গিয়ে কাজ করতে চাচ্ছি। আপনার দল পালাকারের ‘নারীগণ’ নাটকটির নির্দেশনা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন?নাটকটির জন্য বেশ কিছুসংখ্যক নারী অভিনেত্রী প্রয়োজন। দলের যাঁরা ছিলেন তাঁরা প্রথম থেকেই কাজ করছিলেন। হঠাৎ করেই তাঁদের কয়েকজন ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় নাটকটিতে আর সময় দিতে পারেননি। ফলে কাজটিও বন্ধ হয়ে যায়। প্রায় দেড় মাস হলো কাজটি বন্ধ আছে। আমরা এর মধ্যে দলে নতুন অভিনেত্রী নিয়েছি। শিগগিরই কাজটি শুরু হবে। আশা করছি ডিসেম্বর মাসে নাটকটি মঞ্চে আনা সম্ভব হবে।