৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলজীবন থেকে মঞ্চনাটকের সঙ্গে পথচলা। ঢাকায় থিয়েটার চর্চা শুরু ১৯৮৭ সালে লোকনাট্য দলের সঙ্গে। গত ৬ জুলাই দলটির তিন দশক পূর্ণ হয়েছে। আয়োজন করা হয়েছে তিন দশক পূর্তি নাট্যোৎসব। উৎসবের প্রধান সমন্বয়ক এবং সাধারণ সম্পাদক কামরুন নূর চৌধুরী। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সুজাত শিমুল।আপনার দলের তিন দশক পূর্ণ হয়েছে। দলটির সঙ্গে এই সুদীর্ঘ সময়ের নাট্যচর্চায় আপনার অভিজ্ঞতা ও অনুভূতির কথা বলুন।বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে একটি নাট্যদলের তিন দশক পূর্তি অবশ্যই গৌরবের। ভাবতে ভালো লাগছে যে এর ২৫ বছরই আমি দলের সাথে যুক্ত আছি। এই ৩০ বছরে দলটি ২৫টি বৈচিত্রপূর্ণ নাটক মঞ্চে এনেছে, যার মোট প্রদর্শনী সংখ্যা ১১৫২। শেক্সপিয়ার, ব্রেখট্, মলিয়ের, ইউরিপিডিস-এর মতো বিশ্বখ্যাত নাট্যকারের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মুনির চৌধুরী, মানিক বন্দোপাধ্যায়, বুদ্ধদেব বসু প্রমুখ বাঙ্গালী নাট্যকারদের নাটক সফলভাবে মঞ্চায়ন করেছে। পাশাপাশি বাংলাদেশের লোক ঐতিহ্য ময়মনসিংহ গীতিকা থেকে সফল মঞ্চনাটক উপহার দিয়েছে। বড় যে বিষয়টি লক্ষণীয়, তা হলো গত ৩০ বছরই লোক নাট্যদলের কার্যক্রমের ধারা ছিল বহমান, কোন সময় থেমে থাকেনি। এই সময়ের মধ্যে অনেকগুলো আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশ নিয়ে প্রসংশা কুড়িয়েছে। তিন দশক পূর্তি নাট্য উৎসব প্রসঙ্গে বলুন।তিন দশক পূর্তি নাট্যেৎসবকে স্মরণীয় করে রাখতেই আমাদের এই আয়োজন। নাট্যোৎসবের উদ্বোধন হবে ১৯ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। উৎসবে লোক নাট্যদলের ৩টি নাটকসহ ঢাকার অন্যতম প্রধান তিনটি নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায়, আরণ্যক নাট্যদল এবং সুবচনের ৩টি নাটক মঞ্চস্থ হবে। এছাড়াও কলকাতার নান্দীপট মঞ্চস্থ করবে রমনীমোহন এবং ত্রিপুরার বর্ণালী নাট্যদল মঞ্চস্থ করবে ঢেউ নাটকটি। ২২ নভেম্বর সন্ধ্যায় জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে সকল নাট্যদলের নাট্যকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হবে নাট্যকর্মী সম্মিলনী। ২৬ নভেম্বর উৎসব সমাপনী অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হবে লোক নাট্যদলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইউজিন গোমেজকে। এছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে উৎসব প্রাঙ্গণে বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। সমসাময়িক নাট্যচর্চায় এ ধরনের নাট্য উৎসবের সাফল্য, সীমাবদ্ধতা ও গুরুত্ব কতখানি?উৎসব হওয়া উচিৎ উৎসবমূখর। আমরা প্রায়ই কিছু সাদামাটা নাট্য উৎসব দেখতে পাই যেখানে স্থানীয় কয়েকটি নাট্যদলকে নিয়ে তাদেরই বরাদ্দপ্রাপ্ত হল নিয়ে নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে উৎসবের প্রকৃত আমেজটা থাকে না। তবে প্রকৃত উৎসবমূখর নাট্য উৎসব সমসাময়িক নাট্যচর্চায় ইতিবাচক ভূমিকা রাখে। আয়োজক নাট্যদল কয়েক মাসের প্রস্তুতিকে কেন্দ্র করে চাঙ্গা থাকে। দর্শকরাও নতুন ও ভিন্নমাত্রার নাটক দেখার সুযোগ পায়, অন্য নাট্যদলের কর্মীরাও উৎসবে যুক্ত হয়। এতে সার্বিকভাবে পুরো নাট্যাঙ্গনের উপর একটি ইতিবাচক প্রভাব পড়ে। সবকিছু বিবেচনায় এনে বলা যায়, আমাদের নাট্যচর্চায় নাট্য উৎসবের গুরুত্ব কিছুটা তো আছেই। আর প্রকৃত নাট্য উৎসব আয়োজনের প্রধান সীমাবদ্ধতা হচ্ছে অর্থ তথা পৃষ্ঠপোষকতার অভাব। সফল উৎসবের জন্য কমপক্ষে ৪/৫ মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার। কিন্তু এখানে সঠিক সময়ে হল বরাদ্দ না পাওয়াটা একটি বিরাট সমস্যা। হল বরাদ্দ পাওয়া যায় ২০/২৫ দিন আগে বা অনেক সময় পরিকল্পনা মতো হল পাওয়াও যায় না। নাট্য উৎসব আয়োজনে এই বিষয়গুলো অন্যতম প্রধান অন্তরায়। নাট্যান্দোলনের সাথে যুক্ত নেতৃবৃন্দের এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিৎ বলে আমি মনে করি। নতুন দশকে পদার্পণ—নাটক ও নাট্যদল নিয়ে নতুন ভাবনা কী?গত তিন দশক লোক নাট্যদল সক্রিয় ও নিয়মিত ছিল। আগামী দশকে দলকে আরো সক্রিয় রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের মঞ্চ যাতে আরো সমৃদ্ধ হয় সেই লক্ষে বিশ্বখ্যাত নাট্যকারদের পাশাপাশি দেশীয় মৌলিক নাটক মঞ্চস্থ করতে চাই। মঞ্চে আপনার নির্দেশিত ও অভিনীত নাটকের সংখ্যা এবং থিয়েটার সম্পর্কে কোনো পরামর্শ থাকলে বলুন। আমার নির্দেশিত নাটকের সংখ্যা ৩টি। দলীয় প্রয়োজনে ও সিদ্ধান্তে কঞ্জুস নাটকটি নতুনভাবে নির্দেশনা দিয়েছি। অভিনীত নাটকের সংখ্যা ১০টি। তার মধ্যে রথযাত্রা, কঞ্জুস, পদ্মা নদীর মাঝি, সোনাই মাধব ইত্যাদি নাটক উল্লেখযোগ্য। সোনাই মাধবের কেন্দ্রীয় চরিত্র সোনাই-এর ভূমিকায় অভিনয় করছি। নির্দেশনা ছাড়াও ১৭টি নাটকের পোষাক পরিকল্পনা ও ২টি নাটকের আবহ সঙ্গীত পরিচালনা করেছি। থিয়েটারে কোন বৈষয়িক প্রাপ্তির সুযোগ নেই। এটা জেনে ও মেনে নিয়ে দিনের পর দিন অনেকগুলো মানুষ এই শিল্পের সাথে যুক্ত রয়েছে। এখানে মানসিক প্রাপ্তিটাকেই বড় করে দেখা হয়। সত্যিকারের মানসিক প্রাপ্তির জন্য থিয়েটারের প্রতি সৎ ও নিষ্ঠাবান থাকা অত্যন্ত জরুরি।