৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিলীপ চক্রবর্তী। দীর্ঘদিন পর দেশ নাটকের হয়ে আবার নতুন নাটকে অভিনয় করছেন। নাটকটির নাম অরক্ষিতা। এটি লিখেছেন মাহবুব লিলেন আর নির্দেশনা দিচ্ছেন ইশরাত নিশাত। নাটকটির ‘শুক্রাচার্য’ চরিত্রে দেখা যাবে দিলীপ চক্রবর্তীকে। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। শুক্রাচার্য চরিত্রটি কী ধরনের?এটি মহাভারতের একটি চরিত্র। চরিত্রটি একজন ঋষির। এককথার মানুষ। বদরাগী হিসেবেও দুর্নাম আছে। তাঁর সিদ্ধান্তের বাইরে কারও কথা তিনি মেনে নেন না। তিনি চরম অহংকারী। তবে তিনি কন্যাস্নেহে অন্ধ। অন্যদিকে এই চরিত্রের ওপর দেশের স্বাধীনতা কিংবা পরাধীনতা—দুটোই নির্ভর করে। দুই মাস হলো নাটকটির মহড়া শুরু হয়েছে। চরিত্রটি করতে গিয়ে নিজের কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছে।২০০১ সালের পর দলের নতুন কোনো নাটকে দেখা যায়নি কেন?এই সময়টাতে আমি দলের নতুন বেশ কয়েকটি প্রযোজনায় অভিনয় করিনি। এর মধ্যে প্রকৃত পুরাঙ্গনা, ভক্ত ও জনমে জন্মান্তর উল্লেখযোগ্য। আর না করার পুরো দায়ভার আমার। ব্যক্তিগত ব্যস্ততার কারণে কাজ করতে পারিনি। তবে দলের বাইরে পেশাদার দল জন্মসূত্রের হয়ে অহরকণ্ডল নাটকে অভিনয় করেছি। এ ছাড়া ওই সময়ে দলের পুরোনো প্রযোজনা বিরসা কাব্য, দর্পণে শরৎশশী নাটকে অভিনয় করে এসেছি। পাশাপাশি ওই সময়টাতে আমি কমন জেন্ডার ও অনিশ্চিত যাত্রা নামের দুটি সিনেমায়ও অভিনয় করেছি।এখন থেকে নিয়মিত মঞ্চে কাজ করবেন?আশা করছি নিয়মিতই করব। তবে আগে যে নিয়মিত করিনি, তা ঠিক নয়। আগে নতুন নাটকে অভিনয় না করলেও দলের পুরোনো নাটকে কাজ করে আসছি। জন্মসূত্র থেকে নতুন নাটকের কাজ শুরু হবে শিগগিরই। সেখানেও কাজ করার ইচ্ছা আছে। মোট কথা, মঞ্চের কাজটা ছাড়তে চাই না।নিজের দল, বাইরের পেশাদার দল, আবার টেলিভিশনে অভিনয়—কাজের সমস্যা হবে না?এখন আর আগের মতো মাসের পর মাস বসে থেকে মহড়া করে কাজ করা সম্ভব হবে না। এখন সময় ভাগ করে নিয়ে কাজ করতে হবে। তাহলে আর কোনো জায়গাতেই কাজের কোনো ক্ষতি হবে না। হয়তো কাজের পরিমাণ কম হবে। তবে ভালো ভালো কাজ করা যাবে।আপনার প্রজন্মের বা পরের প্রজন্মেরও অনেকেই মঞ্চে নির্দেশনার কাজ শুরু করেছেন। নির্দেশনা নিয়ে আপনার ভাবনা কী?নির্দেশনার ব্যাপারটা অনেক কঠিন। সেই কঠিনের মধ্যে এখনই যেতে চাই না। এখনো আমি অভিনয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার পরের প্রজন্মের মধ্যে শুভাশিস সিন্হা, সুদীপ চক্রবর্তী—এদের নির্দেশনায় আমি কাজ করতে চাই। ভালো কিছু করার জন্যই দীর্ঘ ২০ বছর ধরে মঞ্চে কাজ করছি। এখনো কাজ শিখছি। তবে একটা সময়ে এসে নির্দেশনা দেওয়ার ইচ্ছা আছে। সময়টা আসুক, হয়তো নির্দেশনার কাজ করব। তত দিনে মঞ্চে অভিনয়ের কাজটা চালিয়ে যেতে থাকি।