স্টুডিও থিয়েটারের ২০ বছর, আর স্বাধীনতার ৪০ বছর ধরে নাট্যোৎসবের আয়োজন করতে যাচ্ছে বরিশাল শব্দাবলী স্টুডিও থিয়েটার। তবে উৎসবটি একটু ভিন্নভাবে হচ্ছে। ঢাকা ও বরিশাল মিলে এই উৎসব উদ্যাপন করা হবে। উৎসব ধরে আজকের পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছেন স্টুডিও থিয়েটারের প্রধান সৈয়দ দুলাল।স্টুডিও থিয়েটারের ২০ বছর ধরে এই উৎসবকে আপনি কীভাবে দেখছেন?যেহেতু এবার স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হয়েছে, তাই আমরা একসঙ্গে দুটি বিষয় মাথায় নিয়ে উৎসবটি করতে যাচ্ছি। আমাদের নাট্যকর্মীদের অনেক কষ্টের ফসল হলো স্টুডিও থিয়েটার। ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর স্টুডিও থিয়েটার নিয়ে প্রথম কাজ শুরু করি। শুরুর দিকে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। প্রথমে আমাদের নিজস্ব জায়গা, বসার চেয়ার, লাইট—কিছুই ছিল না। শুরুর দিকে প্রদর্শনীগুলোয় ৮-১০টি টিকিট বিক্রি হতো। নিজেদের টাকা খরচ করে আমরা প্রদর্শনী চালিয়ে নিয়েছি। শ্রম আর ঘামের মধ্য দিয়ে সেই স্টুডিও থিয়েটার এখন ২০ বছর বয়সী। এখন তো প্রতিটি প্রদর্শনীতেই রীতিমতো দর্শকের সঙ্গে মন-কষাকষি হয়। আমরা টিকিট দিতে পারি না। আর এখন স্টুডিও থিয়েটারের সবকিছুই আমাদের নিজের। এটি এখন স্বতন্ত্র। এ পর্যন্ত আমরা স্টুডিও থিয়েটার থেকে প্রায় ২২টি প্রযোজনা মঞ্চে এনেছি। প্রযোজনাগুলোর ৮১২ রজনী প্রদর্শিত হয়েছে।বরিশালে না করে ঢাকায় কেন এই উৎসব?আমরা বরিশাল-ঢাকা মিলেই করছি। স্টুডিও থিয়েটার নিয়ে আমাদের নাট্যকর্মীদের একটু অহংকার আছে। আমরা অনেক কষ্টের বিনিময়ে স্টুডিও থিয়েটার নিয়ে সফল হয়েছি এবং বাংলাদেশের স্টুডিও থিয়েটারের প্রবক্তাই আমরা। আমরা যাঁরা জেলা শহরে কাজ করি, জাতীয়ভাবে তাঁরা অতটা আলোচনায় আসি না; ভালো কাজ করলেও না। ২০ বছর ধরে ধীরে ধীরে আমাদের স্টুডিও থিয়েটারকে একটা জায়গায় এনেছি। সেটাই আমরা জাতীয়ভাবে সবাইকে জানাতে চাই। এখন থেকে স্টুডিও থিয়েটারের চর্চা যাতে অন্য জেলায়ও ছড়াতে পারে, এমন উৎসাহ এই উৎসব থেকে আসতে পারে। তাই আমরা নাট্যচর্চার কেন্দ্রভূমিতে আসতে চেয়েছি। ঢাকার উৎসব চলবে ৮ থেকে ১২ জানুয়ারি, আর বরিশালে চলবে ২০ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত।কিন্তু ঢাকার বাইরের দলগুলো মাঝেমধ্যে জাতীয়ভাবে ঢাকায় উৎসবের আয়োজন করলে কেমন হবে বলে মনে হয়?খুবই ভালো হবে; এবং তা করা উচিত। ঢাকার বাইরের বিভাগীয় শহরে ভালো কাজ হয়। এ দলগুলো সাংগঠনিকভাবে ভালো অবস্থানে থাকলেও আমি মনে করি, ঢাকায় তারা বছরে একবার উৎসবের আয়োজন করতে পারে; এবং এ সুযোগটা নেওয়া উচিত। তবে কেন্দ্রীয় নাট্যনেতাদেরও বিষয়টিতে সহযোগিতা করতে হবে। তা না হলে ঢাকার বাইরে থেকে এসে সপ্তাহব্যাপী নাট্যোৎসব করা কঠিন।স্বাধীনতার ৪০ বছরে এসে আমাদের থিয়েটারকে কোন জায়গায় দেখতে পাচ্ছেন?স্বাধীন বাংলাদেশে থিয়েটারের অবস্থান এখন সুদৃঢ়। অনেক এগিয়েছে। আমরা আইটিআইয়ের মতো জায়গায় যেতে পেরেছি। পরপর দুবার আইটিআইয়ের বিশ্ব সভাপতি হয়েছি আমরা। দেশের বাইরে প্রতি মাসে আমাদের নাটক যাচ্ছে, বাইরের দল আসছে। দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের নাটক এখন বিশ্বে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিকভাবে আমাদের মঞ্চনাটকের অবস্থান অনেক ওপরে। স্বাধীনতার ৪০ বছরে এটাই আমাদের থিয়েটারের অর্জন।আপনারা ঢাকার বাইরে থেকেও স্টুডিও থিয়েটার নিয়ে যেভাবে এগিয়েছেন, অন্য জেলা শহরগুলোয় তা হচ্ছে না কেন?আমি মনে করি, আমাদের জেলা শহরগুলোয় স্টুডিও থিয়েটারচর্চায় যেতে না পারলে জেলা শহরের থিয়েটার টিকিয়ে রাখা কষ্ট হবে। নিজস্ব জায়গা থাকলে সহজেই থিয়েটারচর্চা এগিয়ে নেওয়া যায়। আমাদের মিলনায়তনের সমস্যা প্রকট। আমরা ইচ্ছা করলেই নাটক প্রদর্শন করতে পারি না। জেলা শহরগুলোয় মিলনায়তনের অবস্থা আরও খারাপ। তাই স্টুডিও থিয়েটার খুব জরুরি। তবে কেন্দ্রীয়ভাবে যাঁরা নাট্যচর্চা করছেন, যাঁরা মঞ্চনাটকের নেতৃত্ব দিচ্ছেন, তাঁদেরও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। একইভাবে সরকারি অনুদানের একটা অংশ স্টুডিও থিয়েটারচর্চায় বরাদ্দ দেওয়া যেতে পারে।